নলছিটিতে শরীফ ওসমান হাদীর বসতবাড়িতে চুরি নলছিটিতে শরীফ ওসমান হাদীর বসতবাড়িতে চুরি - ajkerparibartan.com
নলছিটিতে শরীফ ওসমান হাদীর বসতবাড়িতে চুরি

3:48 pm , December 13, 2025

নলছিটি প্রতিবেদক ॥ নলছিটিতে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির জানালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও নতুন পোশাক চুরি করে নিয়ে গেছে।
শুক্রবার গভীর রাতে ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খাসমহল এলাকায় অবস্থিত ওসমান হাদীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।চুরির বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদীর চাচাতো ভাই সিরাজুল ইসলাম। তিনি জানান, নলছিটির বাড়িতে মূলত ওসমান হাদীর মা, ছোট বোন মাসুমা আক্তার ও ভগ্নিপতি মনির হোসেন বসবাস করতেন। তবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রায় ৭ দিন আগে ওসমান হাদী তার মাকে ঢাকার বাসায় নিয়ে যান। পরে গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে মাসুমা আক্তার ও তার স্বামী মনির হোসেন ঢাকায় চলে যান। ফলে বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে নগদ ৫ হাজার টাকা, এক জোড়া কানের দুল ও কিছু নতুন কাপড়চোপড় চুরি করে নিয়ে যায়।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, চুরির সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি জানালা ভেঙে চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে প্রতিবেশী গোলাম কিবরিয়া রিয়াজ জানান, ভোররাতে নামাজের উদ্দেশ্যে বের হলে তিনি শরীফ ওসমান হাদীর বাড়ির পেছনে দুজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পান। সন্দেহ হলে তাদের ধরতে বললে তারা দৌঁড়ে পালিয়ে যায়।উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণায় বের হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। রাজধানীর ফকিরেরপুল বক্স কালভার্ট রোড থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বিজয়নগরের দিকে এগোচ্ছিলেন তিনি। মোটরসাইকেলে তার অটোরিকশার পেছন পেছন অনুসরণ করছিল দুই দুর্বৃত্ত। কিছু বুঝে ওঠার আগেই দুপুর ২টা ২৪ মিনিটে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসা কালো চাদর পরা এক দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র বের করে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT