3:44 pm , December 13, 2025
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান প্রদর্শন করে নিজের লাগানো পোস্টার নিজ হাতে ছিঁড়ে ফেলেছেন বরিশাল -৩ (বাবুগঞ্জ – মুলাদী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
গত ১১ ডিসেম্বর রাতে নির্বাচনী তফশিল ঘোষণার পর আচরণবিধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ায় শুক্রবার সকালে তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে টাঙানো পোস্টার অপসারণ শুরু করেন। এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে নিজেই পোস্টার ছিঁড়ে ফেলে ভোটার ও সাধারণ মানুষের সামনে আচরণবিধি মেনে চলার বার্তা পৌঁছে দেন।
অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, নির্বাচনী আচরণবিধি সবার জন্য সমান। আমি একজন প্রার্থী হিসেবে নিজে থেকেই এগিয়ে থাকতে চাই। তাই বিধি জারির সাথে সাথে আমার সব প্রচার সামগ্রী, পোস্টার, ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
