3:17 pm , December 12, 2025
পিরোজপুর প্রতিবেদক ॥ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, মানুষের তৈরি আইন কখনই মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে না। শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো আল্লাহর দেওয়া শরিয়াহ ভিত্তিক জীবন ব্যবস্থা। আওয়ামী ফ্যাসিবাদ এসে এক ধরনের আইন করেছে। পরে আর একজন এসে আরেক ধরনের আইন করে। পৃথিবীর সকল শাসকরা যে আইন করে, তা মূলত নিজের স্বার্থেই করে। এই আইনগুলো সাধারণ জনগণের জন্য নয়, বরং ক্ষমতা টিকিয়ে রাখা ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এই আইন ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যার কোনো ভিত্তি ইসলামী আদর্শ বা ন্যায়বিচারের নীতিতে নেই। গতকাল শুক্রবার বিকেল ভান্ডারিয়া হাসপাতাল ময়দানে পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও যুব ছাত্র নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও পিরোজপুর-২ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়েতে ইসলামী মনোনীত সাংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জামায়াতে ইসলামীর ভান্ডারিয়া উপজেলা আমীর মো. আমীর হোসাইন, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভা-ারিয়া শাখার সভাপতি আলহাজ্ব বাদশা জোমাদ্দার প্রমূখ।
পরে সম্মেলনে কেরাত পাঠ করেন শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী (বাংলাদেশ), ক্বারী আহমাদ আল-জাওহারী (মিশর), ক্বারী মাহদি গুলাম নেযাদ (ইরান), ক্বারী নাযির আসগর (ফিলিপাইন), ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী ক্বাদেরী (পাকিস্তান)।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির সভাপতি আফজাল হোসাইন সোয়াইব।
