আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত - ajkerparibartan.com
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

3:14 pm , December 9, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়। দিবসটি  উপলক্ষে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসন বরিশালের আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান সভায় প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, যে দেশে দুর্নীতি মাথা তোলে, সেই দেশের মেরুদ- ভেঙে পড়ে। ফলে রাষ্ট্র ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত হয়। দুর্নীতি শুধু একটি দেশের উন্নয়নকে থামিয়ে দেয় না, এটি সমাজ ব্যবস্থায় বৈষম্য তৈরিসহ আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকেই নিজেকে শুদ্ধ করে গড়ে তুলতে হবে। পরিবার থেকে সততার শিক্ষা না পেলে সমাজ ও দেশ বদলানো সম্ভব নয়। দুর্নীতির ভয়াবহতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা সামাজিকভাবে অবমূল্যায়িত হওয়ার পাশাপাশি ব্যক্তি জীবনেও আত্মবিশ্বাসের অভাব, নিঃসঙ্গতা, মানসিক চাপ ও আইনি জটিলতায় ভোগেন।
সভায় দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: মোজাহার আলী সরদারের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন, বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ (অব:) গাজী জাহিদ হোসেন বিশেষ অতিথির বক্তৃতা করেন। সভায় দুর্নীতি দমন কমিশন বরিশালের উপপরিচালক রাজ কুমার সাহা স্বাগত বক্তৃতা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT