কাজিরহাট থানার ওসি ও এসআই এর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ সম্মেলন কাজিরহাট থানার ওসি ও এসআই এর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
কাজিরহাট থানার ওসি ও এসআই এর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ সম্মেলন

3:13 pm , December 9, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ কাজিরহাট থানার প্রাক্তন অফিসার ইনচার্জ  মিজানুর রহমান ও উপপরিদর্শক  মেহেদী হাসানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বরিশাল রিপোর্টার ইউনিটি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল জেলার কাজিরহাট থানার আদর্শ নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মো: আরিফ হোসেন।এ সময়ে তার সাথে ভুক্তভোগী আরো তিনজন উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আরিফ হোসেন অভিযোগ করেন, কাজিরহাট থানার সাবেক ওসি মিজানুর রহমান ও এসআই মেহেদীর প্রত্যক্ষ সহযোগিতায় তাদের পরিবারের দীর্ঘদিনের ভোগদখলকৃত ৩০ একর সম্পত্তির অন্তত ৫ একর ধান স্থানীয় আলমগীর সরদার দুলাল ব্যাপারী ও আমির হোসেন ব্যাপারীর নেতৃত্বে  ৫০-৬০ জন সন্ত্রাসী কেটে নিয়ে গেছে।
“বিবদামান জমি নিয়ে, গত চারমাস ধরে উত্তেজনা দেখা দিলে আদালত ১৪৪ ধারা জারি করে। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে দুর্বৃত্তদের ধান কেটে নেয়ার সুযোগ করে দেয় ওসি মিজানুর রহমান ও এসআই মেহেদী হাসান।
গত ৬-৭ ডিসেম্বর দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত ৫০-৬০ জন দুর্বৃত্ত  এই ধান কেটে নিলে আমরা লিখিতভাবে থানায় অভিযোগ করি। কিন্তু পুলিশ তারপরেও দুর্বৃত্তদের বাধা না দিয়ে তাদের ধান কেটে নিয়ে যাওয়ার সুযোগ করে দেয়।
উক্ত জমি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমপি মামলা  চলমান রয়েছে। ওই মামলায় আদালত ১০ ডিসেম্বর পর্যন্ত শুনানি চলাকালীন কোনো পক্ষ ধান কাটতে পারবে না এমন সুস্পষ্ট নির্দেশ প্রদান করেছিলেন। তবুও আদালতের নির্দেশ অমান্য করে ওসি ও এসআই এর প্রত্যক্ষ মদদে বিবাদীরা ধান কেটে নিয়ে যায়।
এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন,ধান কেটে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে ভুক্তভোগীরা  একটি অভিযোগ দিয়েছিল। ইতিমধ্যে আমি বদলি হয়ে ভোলার দুলারহাট থানায় চলে এসেছি। এ বিষয়ে সর্বশেষ অবস্থা আমার জানা নেই।  তবে ঘুষ গ্রহণের কোনো ঘটনা ঘটেনি।
কাজিরহাট থানায় এ ধরনের ঘটনা আরো ঘটেছে অন্তত তিনটি। প্রতিবছর এই মৌসুমে  ঘটনাগুলো ঘটে থাকে।
কাজিরহাট থানার নবাগত অফিসার ইনচার্জ  নবিউল ইসলাম বলেন, আমি আজকে জয়েন করেছি। এখনো পুরো বিষয়টি জানিনা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT