2:58 pm , December 9, 2025
ঝালকাঠি প্রতিবেদক ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের পোস্টার লাগানোর সময় তার কর্মীকে মারধর করার অভিযোগ ওঠেছে। ৭ ডিসেম্বর নলছিটির মোল্লারহাট ইউনিয়নে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপি কর্মীরা জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা চালায় বলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ ।
মঙ্গলবার বিকেলে শহরের কলেজ রোড পৌর জামায়াতে ইসলামীর অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে শেখ নেয়ামুল করীম বলেন, বিএনপি কর্মীরা জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী মোল্লারহাট উনিয়ন ৮ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি ঘোষণার পর বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইলেন ভুট্টো স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী তাদের ঘোষণা করা কর্মসূচি প্রত্যাহার করে কর্মসূচিতে কাউকে অংশ না নেওয়ার আহ্বান জানান। তারপরেও জামায়াত কর্মী মো: কাউসার মোল্লারহাট বাজার থেকে বাসায় যাওয়ার পথে তার উপরে হামলা চালিয়ে এলোপাথাড়ি কিল ঘুষি এবং গলায় গামছা পিছিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বিএনপির কর্মীরা। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করার জন্য মোল্লারহাট ডিগ্রী কলেজের লেকচারার নলছিটি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুজ্জামান এগিয়ে গেলে তাকেও একটি দোকানে অবরুদ্ধ করে অমানবিক নির্যাতন করে। ইউনিয়ন সভাপতি হায়দার আলী সহ অন্য চারজন কর্মী এগিয়ে এলে তাদের সবাইকে নির্মমভাবে আহত করা হয়। তাদের মোবাইল, নগদ টাকা এবং দুইটি মোটরসাইকেল ছিনতাই করে বিএনপি কর্মীরা পুনরায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ হামলায় মোট ৭জন আহত হন। এর মধ্যে চারজনকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত তিনজন কাউসার, হায়দার ও ফেরদাউস কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। যাতে এ ধরনের নৈরাজ্য পুনরাবৃত্তি না ঘটে। হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪ টায় নলছিটিতে বিক্ষোভ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান,জেলা সেক্রেটারী অধ্যক্ষ মু. ফরিদুল হক, নায়েবে আমীর অ্যাডভোকেট এ বি এম আমিনুল ইসলাম,পৌর সেক্রেটারী মাওলানা আবদুল হাই প্রমুখ।
