আড়িয়াল খাঁ নদে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন আড়িয়াল খাঁ নদে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন - ajkerparibartan.com
আড়িয়াল খাঁ নদে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন

3:29 pm , December 7, 2025

মুলাদী ও বাবুগঞ্জ প্রতিবেদক ॥ আড়িয়াল খাঁ নদে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় মীরগঞ্জ ফেরিঘাটের পূর্বপাড়ে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সেতু, বিদ্যুৎ জ¦ালানী ও খনিজ সম্পদ, সড়ক পরিবহণ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌ পরিবহণ,  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এই ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার, বরিশাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা,  মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরাফাত জাহান চৌধুরীসহ স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা। আগামী জাতীয় নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, জাতি হিসেবে সবাই তাদের পাশে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু উপদেষ্টা ফওজুল কবির খান। ফওজুল কবির খান বলেন, আমাদের একটিই কথা নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতো যেন কেউ ভোটকেন্দ্র দখল করতে না পারে। এখন নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে।
ভোলার গ্যাস প্রসঙ্গে তিনি বলেন, ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার হবে এবং কোনো বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করা হবে না।
সেতু বাস্তবায়ন দেরি হওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন কোন্দলের কারণে সেতুর বাস্তবায়ন দেরিতে হয়। এতে প্রকল্প ব্যয়ও বৃদ্ধি পায়। তাই এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।
এম. সাখাওয়াত হোসেন বলেন, নির্মাণকালে চাঁদাবাজির উৎপাত ও প্রকল্পের নানা কাজ পাওয়া নিয়ে স্থানীয় সমস্যা তৈরি হয়, যা প্রকল্পের মান এবং কাজের মেয়াদের ওপর প্রভাব ফেলে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বরিশাল জেলা সদর এবং রাজধানী ঢাকার সঙ্গে মুলাদী-হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ উন্নত করার লক্ষ্যে দেশীয় অর্থায়নে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যায়ে আড়িয়াল খাঁ নদের ওপর মীরগঞ্জ সেতু নির্মিত হচ্ছে। মীরগঞ্জ সেতু নির্মাণের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) গত অক্টোবরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভায় চুড়ান্ত অনুমোদন লাভ করে। প্রায় ১ হাজার ৪৪২ কোটি ৫৯ লাখ টাকা ব্যায় সাপেক্ষে মীরগঞ্জ সেতুটির নির্মাণ কাজ শেষ হলে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার সঙ্গে বরিশাল ও ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। ১৪৮৪ মিটার দীর্ঘ মীরগঞ্জ সেতুর মূল অংশ ২টি এবাটমেন্ট ও ১৭৫ মিটারের দুটি ৯৭ মিটারের দুটি পিয়ারসহ ৫৪৪ মিটার। সংযুক্ত ভায়াডাক্ট ৯৪০ মিটার এবং সেতুর দুই প্রান্তে প্রায় সাড়ে ৪ কিলোমিটার সংযোগ সড়ক নির্মিত হবে। ২০২৮ সালের ৩০ জুন প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে বলে জানান বরিশাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT