2:56 pm , December 4, 2025
বিশেষ প্রতিবেদক ॥ অগ্রহায়ণের শীতের দাপটে কাঁপছে বরিশাল। বৃহস্পতিবার সকালে বরিশালে তাপমাত্রার পারদ মৌসুমের সর্বনি¤œ ১৩ ডিগ্রী সেলসিয়াসে নেমে যায়। যা প্রায় স্বাভাবিকের কাছে হলেও হালকা মেঘাচ্ছন্ন আকাশে মাঝে মাঝেই সূর্য আড়ালে চলে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। ফলে ছিন্নমূল থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর দুর্ভোগের সীমা নেই।
এর আগে গত ৩০ নভেম্বর বরিশালে তপমাত্রার পারদ ১৫ ডিগ্রী সেলসিয়াসে নেমে যায়। যা ছিল স্বাভাবিকের প্রায় ৫ ডিগ্রী নিচে। ফলে স্বাভাবিকভাবেই শীতের দাপট বাড়ার পূর্বাভাস মিলছিল। আবহাওয়া বিভাগের হিসেবে নভেম্বরে বরিশালে সর্বনি¤œ স্বাভাবিক তাপমাত্রা ১৮.১ ডিগ্রী সেলসিয়াস থাকার কথা।
আবহাওয়া বিভাগের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে চলতি মাসে তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবার কথা জানিয়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি চলতি মাসে স্বাভাবিক ৬ মিলির স্থালে বরিশালে ৫-১০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হলেও সদ্য সমাপ্ত নভেম্বরে বরিশালে স্বাভাবিকের ৭৩ভাগ কম, মাত্র ১২ মিলি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে চলতি মাসে দক্ষিণ বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ তৈরীর পরে তা থেকে ১টি নি¤œচাপ সহ ঘূর্ণিঝড়ে পরিনত হবার আশংকার কথাও জানিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এমাসের মধ্যভাগের পরে বরিশাল সংলগ্ন পশ্চিমাংশে ৬-৮ ডিগ্রী সেলসিয়াসের মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহের পূর্বাভাসও দিয়ে রেখেছে আবহাওয়া বিভাগ।
তবে ইতোমধ্যে বরিশাল সহ দক্ষিণাঞ্চলজুড়ে প্রধান দনাদার খাদ্য ফসল আমন কর্তনের মৌসুম শুরু হওয়ায় অগ্রহায়ণের সাত সকাল থেকেই এখন মাঠে মাঠে ফসল কাটার ধুম চলছে। কৃষক ও কৃষি শ্রমিকদের অবিশ্রান্ত ব্যস্ততা । এবার খরিপ-২ মৌসুমে দক্ষিণাঞ্চলে আবাদকৃত প্রায় ৯ লাখ হেক্টর জমি থেকে প্রায় ২৪ লাখ টন চাল পাবার লক্ষ্যে এখন মাঠে মাঠে সোনালী ধান কাটার ধুম চলছে। পাশাপাশি চলতি রবি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলের প্রায় ৫৫ হাজার হেক্টর জমিতে অন্তত ১৭ লাখ টন শীতকালীন শাক সবজি উৎপাদনের লক্ষ্যেও কৃষিযোদ্ধারা এখন সকাল-সন্ধ্যা কর্মব্যস্ত। তবে শীতের কামড় জনস্বাস্থ্য সহ ফসলের মাঠে কি পরিস্থিতি তৈরী করে সে দিকেও নজর কৃষক সহ সবার।
