3:41 pm , December 1, 2025
সাংবাদিক সম্মেলনে এ্যাড. মুয়ায্যম হোসাইন হেলাল
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে যোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ৮ দলীয় জোটের নেতৃবৃন্দ।
পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামের ব্যানার-পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। এ সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে বরিশালে ১০ লক্ষাধিক লোকের সমাগম করার প্রস্তুতি সম্পন্নের পথে বলে জানিয়েছেন ৮ দলীয় জোটের বরিশাল নেতৃবৃন্দ।
সোমবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরের একটি রেস্তরায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা কমিটির সভাপতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম বলেন, ‘৫ দফা দাবির পক্ষে দেশের ৭ বিভাগীয় নগরে সমাবেশের আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। মঙ্গলবারের সমাবেশে কমপক্ষে ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।’
ঘোষিত জুলাই সনদের আইনী ভিত্তি, জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গনভোটের দাবী, উচ্চ ও নিন্ম কক্ষে পি.আর পদ্বতীতে নির্বাচন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করার দাবীতে মঙ্গলবারের এ বিভাগীয় সমাবেশ বলে জানান এ নেতা।
বাংলাদেশ জামায়াতে বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, ‘জুলাই সনদে সব দল ও ঐক্যমত কমিশনের স্বাক্ষর হয়েছে। কিন্তু সেই সনদ বাস্তবায়নে নানা রকম অপচেষ্টা চলছে। নির্বাচনের সঙ্গে গণভোটের আয়োজন করার উদ্যোগের ফলে গণভোটের কার্যকারিতা নানা সমস্যার মুখে পড়েছে।’
হেলাল বলেন, ‘এখনও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি। সারা দেশসহ বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে। ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। জনগণ যেনো ভোট দিতে পারে এ অঙ্গীকার যেনো বাস্তবায়ন করা হয়। মঙ্গলবারের সমাবেশে ১০ লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটানো হবে বলে জানান এ নেতা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, সহসভাপতি মাওলানা জামিলুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের বরিশাল জেলা সভাপতি মাওলানা মোঃ জুবায়ের গালিব, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মোঃ মনির হোসেন, জেলা সেক্রেটারি নান্নু হাওলাদার, বরিশাল মহানগর খেলাফত মজলিসের সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বরিশাল পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক সাইদুর রহমান শাহীন, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক শামসুল আলম নজরুল। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
