3:36 pm , December 1, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) পরীক্ষা। মৃগী, মস্তিষ্কের টিউমার, মেনিনজাইটিস, এনসেফালাইটিস, স্ট্রোক ও অন্যান্য স্নায়বিক সমস্যায় ভুগছেন এমন রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি স্বল্প খরচে এই হাসপাতালে করা যাচ্ছে।
সোমবার সকাল ১০টায় হাসপাতালের ২য় তলার ২০৩৭ নং কক্ষে পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, এই মেশিনটি রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । এটি আমাদের হাসপাতালে পূর্বে ছিলো না। আমরা মেশিনটি ক্রয়ের উদ্যোগ গ্রহণ করি, কিন্তু এরই মাঝে বিনামূল্যে যুক্তরাজ্যভিত্তিক তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে একটি করে মেশিন বরিশাল, সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরবরাহ করে। মেশিনটি বিনামূল্যে পেয়ে এবং আমরা এই অঞ্চলের গরিব রোগীদের সেবা দিতে পেরে তাফিদা রাকিব ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে নিউরোমেডিসিন ও স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডা. কাজী এম. মনিরুল ইসলাম বলেন, ইইজি পরীক্ষাটি হলো মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন স্নায়বিক রোগ নির্ণয় করা। বিশেষ করে মৃগী, ঘুমের ব্যাধি, মস্তিষ্কের টিউমার, মস্তিষ্কের আঘাত, স্ট্রোক বা মস্তিষ্কের কার্যকারিতার পরিবর্তন শনাক্ত করতেও সাহায্য করে। তিনি বলেন, মেশিনটি গরিব রোগীদের জন্য অনেকাংশে উপকার হবে। এই পরীক্ষা বেসরকারিভাবে করতে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা টাকা খরচ হয়। সরকারি হাসপাতালে খরচ হবে মাত্র ৬শ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট ডা. আশিক দত্তসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রেরিত এক ই-মেল বার্তায় এ তথ্য জানানো হয়।
