3:36 pm , November 28, 2025
বিশেষ প্রতিবেদক ॥ রাষ্ট্রীয় নৌ বানিজ্য প্রতিষ্ঠান বিআইডব্লিউটিসি’র পর্যটক সার্ভিস এর ঐতিহ্যবাহী প্যাডেলচালিত নৌযান ‘পিএস মাহসুদ’ শুক্রবার সকাল সাড়ে ৮টায় ৩২ যাত্রী নিয়ে ঢাকা থেকে যাত্রা করে নৌযানটি বুড়িগঙ্গা-ধলেশ^রী-পদ্মা-ডাকাতিয়া-মেঘনা-জয়ন্তি-নয়াভাঙ্গনী-আড়িয়াল খাঁ হয়ে বরিশালের কীর্তনখোলায় নোঙর ফেলে সন্ধ্যা ৭টায়। ভ্রমনকারী যাত্রীদের সবাই দিনভর নৌবিহারে দেশের নদ-নদীর অপরূপ দৃশ্য দেখে মোহিত হয়েছেন। বরিশালে ঘাটে পৌছার পরে বেশীরভাগ যাত্রীকেই যথেষ্ট উচ্ছ্বসিত মনে হয়েছে। তবে নদীবন্দরের মূল টার্মিনালের পরিবর্তে সিএসডি গুদামঘাটে নৌযানটি ভেড়ায় যাত্রীদের পোহাতে হয়েছে দুর্ভোগ। সন্ধ্যা ৭টায় পিএস মাহসুদ বরিশালে পৌছলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হবীব ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমন যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
৯৬০ যাত্রী বহনক্ষম নৌযানটিতে প্রাথম শ্রেণীর ১২টি কক্ষে ২৪ জন এবং দ্বিতীয় শ্রেণীর ১০টি কক্ষের ২০ শয্যার মধ্যে ৪ জন এবং ৯শতাধিক যাত্রীর ডেক শ্রেণীতে মাত্র ৪জন যাত্রী ভ্রমন করছে বলে জানা গেছে। তবে প্রথম শ্রেণীতে ভ্রমনকারী পরিবারগুলোর সাথে বেশ কিছু শিশু-কিশোরও পিএস মাহসুদ এর প্রথমদিনের যাত্রায় নদ-নদীর অপরূপ দৃশ্য দেখে খুশি ধরে রাখতে পারেনি।
পিএস মাহসুদ ২৮ নভেম্বর সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে। তবে নৌযানটিতে যাত্রী সংখ্যা ছিল হতাশাব্যাঞ্জক।
দুপুর ১টার দিকে মাহসুদ চাঁদপুর ঘাটে নোঙর করে দশ মিনিট অপেক্ষার পর বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেছে। তবে চাঁদপুর থেকে নৌযানটিতে কোন যাত্রী ওঠেনি। ফলে ১০মিনিট অপেক্ষার পরেই ‘পিএস মাহসুদ’ নোঙর তুলে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে।
মূলত চট্টগ্রাম থেকে সকাল ১০টায় ছেড়ে আসা ট্রেনটি লাকসাম হয়ে চাঁদপুরে পৌছে থাকে দুপুর ৩টায়। সাধারন যাত্রীদের দাবী বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যদি রেলওয়ের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে অন্তত শুক্রবারের ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ৮টায় ছেড়ে চাঁদপুরে দুপুর ১টার মধ্যে পৌছানোর ব্যবস্থা করতে পারত, তবে চট্টগ্রাম অঞ্চল থেকে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিপুল সংখ্যক যাত্রী এ নৌযানটিতে আরোহনের সুযোগ পেত। এতে করে নৌযানটির রাজস্ব অনেকাংশে বৃদ্ধির সুযোগ সৃষ্টির পাশাপাশি চট্টগ্রামের সাথে বরিশাল অঞ্চলের যোগাযোগ সহজতর হবে বলেও মনে করছেন সাধারন যাত্রীরা।
এদিকে পিএস মাহসুদ বরিশালে পৌছলে যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আহসান হাবীব। এসময় জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন উপস্থিত ছিলেন।
