4:46 pm , November 27, 2025
ধর্মের ব্যাখ্যার জন্য ওলামাদের কথাই শেষ কথা : ধর্ম উপদেষ্টা
বিশেষ প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, আগে যারা দেশ শাসনের সুযোগ পেয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তারাই আবার ক্ষমতায় আসতে উঠেপড়ে লেগেছে। কিন্তু দেশের মানুষ নতুন শাড়ীতে পুরনো বৌ দেখতে চায়না। ফলে আগামী নির্বাচনে পরিবর্তন আসতেই হবে।
ঐতিহাসিক চরমোনাই দরবার শরিফের অগ্রহায়নের বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে উলামা-মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবী সমাবেশে চরমোনাই পীর আরো বলেন, আমি কোথাও নির্বাচনে প্রার্থী হইনি। ফলে মন্ত্রী হবারও সুযোগ নেই। কিন্তু তারপরও আমার ও আমাদের সবার প্রচেষ্টা দেশকে একটি ভাল অবস্থায় নেয়া। জীবন উৎস্বর্গকারী জনতার রক্তকে স্বার্থক করাই আমাদের এ প্রচেষ্টা। তিনি বলেন-৫৪ বছর পরে একটি সুযোগ এসেছে। এ সুযোগকে কাজে লাগাতে না পারলে আগামী প্রজন্ম আমাদের ধিক্কার দেবে।
সমাবেশে সরকারের ধর্ম উপদেষ্টা ড. আফম খালেদ হোসাইন অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, চরমোনাইর পীর এর আন্তরিক প্রচেষ্টা ও ইসলামী আন্দোলনের ঐকান্তিক চেষ্টায় উপদেষ্টা পরিষদে তার দায়িত্ব পালনের সুযোগ হয়েছে। আমার বিষয়ে আপনাদের প্রত্যাশা অনেক বেশী হলেও আমার সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা মেনেই আমার কাজ করতে হয়।
তিনি বলেন, ধর্মের ব্যাখ্যার জন্য ওলামাদের কথাই শেষ কথা। দেশে কেউ ইসলাম অবমাননা করলে তাদেরকে দ্রুততার সাথে আইনের আওতার আনার কথা জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আমি আশ^স্ত করতে পারি, কেউ কোনভাবেই ধর্মের অবমাননা করতে পারবে না।
সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, আল্লাহ বলেছেন, তোমরা কখনো জালেমের দিকে ঝুকে যেওনা। আগামী নির্বাচনে কোন প্রলোভন বা ভয়ের কারণে কোন জালেমকে সুযোগ দেয়া যাবেনা।
সমাবেশে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানকে যারা অস্বিকার করছে, সরকার তাদের অতিমাত্রায় গুরুত্ব দিয়েছে। সরকারের ভুল নীতির কারণেই নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যায়নি। তিনি বলেন, অস্ত্র উদ্ধার হয়নি। এমন বাস্তবতায় আমরা আগামী নির্বাচন নিয়ে শংকিত। আগামীতে পূর্বের ন্যায় কোন নির্বাচন হলে দেশে আবারো বিপ্লব হবে, অভ্যুত্থান। সিইসি’র উদ্ধৃতি দিয়ে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, ‘একই সাথে গণভোট ও জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং’। এ কথা আমরাও বলে আসছি। কিন্তু আমাদের কথার অবমূল্যায়ন করে আপনারা একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন।
ইসলামী আন্দোলনের মুখপাত্র অভিযোগ করেন, বিএনপির পক্ষ থেকে জুলাই সনদে স্বাক্ষর করার পরেও না ভোটের পক্ষে ক্যাম্পেইন করা হচ্ছে। তিনি আশংকা প্রকাশ করে বলেন, যদি না ভোট জয়যুক্ত হয়, তবে পুরনো বন্দোবস্ত আবার ফিরে আসবে।
