3:28 pm , November 22, 2025
গৌরনদী প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদীতে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ওয়াজ মাহফিলের মঞ্চে জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান জানালে উপস্থিত অসংখ্য মুসুল্লী প্রতিবাদ জানিয়ে প্যান্ডেল ত্যাগ করেন। ওয়াজ মাহফিলে রাজনৈতিক মন্তব্যকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাসুদেবপাড়া মারকাজুল কুরআন নূরানী ও হাফেজী মাদরাসা মাঠে আয়োজিত ১৮তম ওয়াজ মাহফিলে ঘটনাটি ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানান, মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রায় আধাঘন্টা বর্তমান রাজনীতির নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। এক পর্যায়ে সরোয়ার বলেন, ‘বাংলাদেশে প্রধান দুইটি দল আওয়ামী লীগ ও বিএনপি। এবার ফ্যাসিস্টের কারণে আওয়ামী লীগ না থাকায় আলোচনায় এসেছে জামায়াতে ইসলামী।’ এসময় তিনি (সরোয়ার) জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সরাসরি বিভিন্ন ধরনের মন্তব্য করে ভোট না দেওয়ার আহবান জানিয়ে বলেন ‘আর যাকেই ভোট দিন জামায়াতকে কেউ ভোট দিবেন না’। সঙ্গে সঙ্গে মুসুল্লীদের একটি বড় অংশ প্রতিবাদ জানিয়ে প্যান্ডেল ত্যাগ করতে শুরু করে। চলে যাওয়া মুসুল্লীদের উদ্দেশ্যে তিনি (সরোয়ার) বলেন ‘যারা প্যান্ডেল ছেড়ে চলে গেছেন, তাদের সবাইকে চিনি। আমি নজরে রাখছি। খবর আছে’ বলে মন্তব্য করেন।
পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে মনে করে মুসুল্লীদের তোপের মুখে তিনি তড়িঘড়ি করে বক্তব্য সংক্ষিপ্ত করে বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে মঞ্চ ত্যাগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক মাহফিলে অংশ নেওয়া কয়েকজন মুসুল্লী বলেন, ‘ওয়াজ শুনতে এসেছি, রাজনীতি না। যখন দেখলাম নির্দিষ্ট দলকে উদ্দেশ্য করে নেতিবাচক কথা বলা হচ্ছে তখন আর থাকা যায়নি। এ বিষয়ে গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, ‘আমি টানা তিনবছর তাবলিগ জামাতে বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রে সফর করেছি। সেইসব কথা উল্লেখ করে যখন বক্তব্য রাখছিলাম, তখন সদ্য দুর্গাপূজার সময় জামায়াত নেতাদের বিভিন্ন মন্ডপ পরিদর্শনসহ আপত্তিকর বক্তব্য এবং ক্ষমতার লোভে ইসলামের নাম ব্যবহার করে জান্নাতের টিকিট বিক্রি করা জামায়াতকে ভোট না দেয়ার জন্য মুসলমান ভাইদের অনুরোধ করেছি। এসময় কয়েকজন জামায়াতের কর্মীরা মাহফিলের প্যান্ডেলে হট্টগোল করতে চেয়েছিলো। পরবর্তীতে তারা প্যান্ডেল ত্যাগ করে চলে যায়।
