4:10 pm , November 19, 2025
জিয়া উদ্দীন বাবু ॥ বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, প্রশাসনের প্রতিটি সিদ্ধান্ত হওয়া উচিত জনবান্ধব। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে বরিশাল জেলার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করা, জনগণের সেবাকে সহজতর করা, প্রশাসনিক কাজের স্বচ্ছতা বজায় রাখাসহ সর্বোপরি জনগণের আস্থা অর্জন করা।
আমাদের প্রত্যেককে জনগণের চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে যেন তারা সরকারি বিভিন্ন সেবা থেকে উপকৃত হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বুধবার বিভাগীয় কমিশনারের সাথে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে একসাথে কাজ করতে হবে। সবাই মিলে কাজ করলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। এসময় তিনি জনগণের সমস্যাগুলো দ্রুত সমাধান করার জন্য উপস্থিত কর্মকর্তাদের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আমাদেরকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে মানুষ ভোট দিতে উদ্বুদ্ধ হয় এবং ভোটাধিকার প্রয়োগে পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারে। এবার প্রথমবারের মতো প্রবাসীরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এমনকি যারা ভোট গ্রহণে দায়িত্ব পালন করবেন তারাও ভোট দিতে পারবেন। এটি দেশের ইতিহাসে নতুন এক দিগন্ত উন্মোচিত করবে। এসময় তিনি জেলা প্রশাসককে জেলার সকল স্থান ঘুরে সমস্যা চিহ্নিতকরণসহ তা সমাধান করার নির্দেশও প্রদান করেন।
সভায় বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দেবার জন্য আমরা বরিশাল এসেছি। স্বাধীনতা যুদ্ধে ও গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি।
এবারের নির্বাচন সুন্দর ও সুন্দর ভাবে হবে। আমরা কোন পক্ষ অবলম্বন করব না। আগামীতে দেশ কিভাবে চলবে সেজন্য এই গণভোট। নির্বাচনে নিরপেক্ষভাবে আমরা কাজ করবো। যে সরকার ক্ষমতায় আসবে তাদের সাথে আমরা কাজ করবো। তাদের পলিসি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব।
এর আগে মঙ্গলবার বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা প্রশাসক হিসেবে মো: খায়রুল আলম সুমন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। বরিশালের নবাগত জেলা প্রশাসক বলেন, আপনাদের সকলকে নিয়ে বরিশালের উন্নয়ন কাজ করতে চাই। এজন্য তিনি বরিশালবাসির সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এবং তার দপ্তরে ফুলেল শুভেচ্ছা ও প্রশাসনিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি দায়িত্ব বুঝে নেন।
বুধবার সকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, নবাগত জেলা প্রশাসককে উষ্ণ অভ্যর্থনা জানান।
দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ নথি ও ফাইলপত্র বুঝে নেন। এ সময় তিনি জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুততার সাথে সম্পন্ন করা এবং নতুন জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
