ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে - ajkerparibartan.com
ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে

4:24 pm , November 18, 2025

শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষে বাবুগঞ্জে ছাত্রদল নেতা নিহত

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ শেখ হাসিনাকে মৃত্যুদন্ড দেওয়ায় বাবুগঞ্জে মিষ্টি বিতরণকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে রবিউল ইসলাম (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আগরপুর ইউনিয়নে ছাত্রদল নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করছিলেন। এসময় জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা আউয়াল হোসেন, মো: রাসেল এবং মো: শাকিলের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে একই ইউনিয়নের রহমান হাওলাদারের ছেলে স্বেচ্ছাসেবক দল নেতা আউয়াল হাওলাদার, দুলাল হাওলাদারের ছেলে রবিউল ইসলামের ওপর হামলা চালায়।
হামলায় ধারালো ছুরি দিয়ে রবিউল ইসলামকে কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রেরা এসআই জাহিদ হোসেন ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহতের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহতের পরিবার দ্রুত হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT