4:01 pm , November 8, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বিপুল মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ এক নারীকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশ। শনিবার দুপুরে বিএমপি পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছেন। বিএমপি মিডিয়া সেল জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসআই মো. রাশিক মুরাদ অভির নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক টিম ও টহল ডিউটিতে নিয়োজিত মোবাইল-৩ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন বিসিসি ৫নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. সুমন হাওলাদার ওরফে মান্না সুমনের স্ত্রী শিল্পি বেগম (৩৮) এর বাসা থেকে ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ২৫০ মিলিলিটার মদ এবং মাদক বিক্রির নগদ ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকেই শিল্পি বেগমকে আটক করে।
এ ঘটনায় শিল্পির স্বামী সুমন হাওলাদার ওরফে মান্না সুমন (৪২) পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিএমপি’র এক কর্মকর্তা জানান, কাউনিয়া থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শহরের মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
