3:59 pm , November 8, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
তিনি বলেন, “দেশের জনগণ ভোট দেয়ার তজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। স্বৈরাচারদের বলে দিতে চাই, নির্বাচন বানচালের চেষ্টা করলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারো বিপ্লব সৃষ্টি হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “এখন ঐক্যের সময়।সবাইকে মাঠে থাকতে হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে হবে।”
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন, আবু নাসের মোহাম্মদ রহমাতাতুল্লাহ, বিএনপির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রনাকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস প্রমুখ।
