মজিবর রহমান সরোয়ারকে জেতাতে একাট্টা জেলা ও মহানগর বিএনপি মজিবর রহমান সরোয়ারকে জেতাতে একাট্টা জেলা ও মহানগর বিএনপি - ajkerparibartan.com
মজিবর রহমান সরোয়ারকে জেতাতে একাট্টা জেলা ও মহানগর বিএনপি

4:15 pm , November 6, 2025

মো: জিয়াউদ্দিন বাবু ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে ঐক্যবদ্ধ হয়েছে জেলা ও মহানগর বিএনপি। ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছেন বলে জানিয়েছে নেতাকর্মীরা। বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে জেতাতে গতকাল ঐক্যের ডাক দেওয়া হয়েছে নগরীর টাউনহল থেকে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় সেখানে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার। সভায় মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, বরিশাল থেকে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও দলের নির্দেশে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তার পক্ষেই আমরা কাজ করবো। দলের মধ্যে কারো বিভেদ নেই।
প্রধান অতিথি মজিবর রহমান সরোয়ার বলেন, দেশের মানুষ ১৬ বছর ভোট দিতে পারেনি। মানুষ মুখিয়ে আছে ভোট দেয়ার জন্য। বিএনপি কে ক্ষমতায় নেওয়ার জন্য সকলকে ধানের শীষে ভোট দিতে হবে। এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কিছু লোক ষড়যন্ত্র করছে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, বিএনপি নেতা আলী হায়দার বাবুল, নুরুল আলম ফরিদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দীন, মাহফুজুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান, মহিলা দল নেত্রী ফারহানা তিথি সহ আরো অনেকে।
সারোয়ার আরো বলেন-তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হবে। প্রতিহিংসার রাজনীতি আমাদের দলের মধ্যে নেই।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। আওয়ামী লীগ শাসনামলে ১৬ বছর আমাদের ভোট দিতে দেয়নি। কেউ ভোট দিতে পারেনি। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে আওয়ামী লীগের দ্বারা নির্যাতন সহ্য করেছেন। ১৬ বছর আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাকর্মীদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে। এখন শেখ হাসিনা পালিয়েছে। বিএনপি কখনো পালিয়ে যায়নি। বাংলাদেশের মাটিতেই আমাদের থাকতে হবে। বিএনপিকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ শাসনামলের ১৬ বছর মানুষকে শোষণ করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে। বিএনপির মধ্যে ঐক্য আছে থাকবে। বিএনপি ক্ষমতায় আসার পর বহু দলীয় শাসন ব্যবস্থা চালু হয়েছিলো। আওয়ামী লীগ সরকার বিচার ব্যবস্থাকে নিজের স্বার্থে ব্যবহার করেছে। তার কারণে বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। অনেক বিচারপতি এখন কারাগারে রয়েছে। শেখ হাসিনা মানুষ মারতে দ্বিধাবোধ করতো না। যাকে ইচ্ছা তাকে হত্যা করতো। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই অনেক মানুষকে গুম করা হয়েছে। আজও খুঁজে পাওয়া যায়নি বিএনপি নেতা ইলিয়াসকে। মজিবর রহমান সরোয়ার আরো বলেন-বিএনপি বহুদলীয় গণতন্ত্র চালু করেছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের উন্নয়ন হয়, উন্নয়ন হয় দেশের। তাই বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য ধানের শীষে ভোট দিতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পক্ষে কাজ করতে হবে। আমার উপর অনেক অত্যাচার করা হয়েছে। আওয়ামী লীগ সরকার আমাকে চিকিৎসা করাতে দেয়নি। বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। বিএনপি কখনো রাতে ভোট দেয়নি। আওয়ামী লীগ সরকার রাতে ভোট চালু করেছে। বিএনপির সময় সবাই ভোট দিতে পেরেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT