3:46 pm , November 5, 2025
শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর প্রতিবেদক ॥ সরকার বিরোধী অন্দোলনে নেতাকর্মীদের সুসংগঠিত, নিজের অর্থায়নে দলের নেতাকর্মীদের মামলা পরিচালনা করা ও পরপর দুটি নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী হয়ে প্রকাশ্যে আওয়ামী ক্যাডারদের হামলা ও মামলার আসামী হয়ে পালিয়ে থাকা এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে আগামী সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া ) আসনে দলীয় প্রার্থী ঘোষনা করায় নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। সাথে সাধারন মানুষও মহাখুশি। সরফুদ্দিন সান্টু জনপ্রতিনিধি না হয়েও সাধারন মানুষের পাশে দাঁড়িয়ে এক নজির স্থাপন করেছেন। দীর্ঘ ৪০বছর ধরে অবহেলিত দরিদ্র জনগোষ্ঠির জন্য নিজেকে উজার করে দেওয়া মানুষটি ভোটের মাঠে একটি বড় রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার কারনে সাধারন মানুষও সাধুবাদ জানিয়েছেন। ৩রা নভেম্বর বরিশাল-২ আসনে দলের প্রার্থী হিসাবে সরফুদ্দিন আহম্মেদ সান্টুর নাম ঘোষনা দেয়ার সাথে সাথে তার নির্বাচনী এলাকা উজিরপুর ও বানারীপাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ উল্লাস করেন। গুঠিয়া এলাকায় বিশাল একটি আনন্দ মিছিল বের করেন। সন্ধ্যায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপজেলা সদর, বড়াকোঠা, ওটরা, হারতায় আনন্দ মিছিল করেছেন। বানারীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। করা হয়েছে মিষ্টি বিতরণ। অন্যদিকে দলের অন্য সব মনোনয়ন প্রত্যাশিরাও দলের সিদ্ধান্ত’র প্রতি সমর্থন জানিয়েছেন। ধানের শীষ জয়ী করতে একাট্টা হয়ে কাজ করবেন বলে অভিমত প্রকাশ করেছেন। উজিরপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক রোকনুজ্জামান টুলু বলেন, দল ত্যাগী নেতাকে মূল্যায়ন করেছে। সরফুদ্দিন সন্টু একজন মানবতার ফেরীওয়ালা। তিনি দলের টিকিট পাওয়ায় নির্বাচনে জয়ী হওয়া সহজ হবে। সব শ্রেণির মানুষ তাকে ভোট দেবেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: কাইউম খান বলেন-আমরা বেশ আনন্দিত। সকলে একত্রিত হয়ে তাকে জয়ী করবো। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন সিকদার বলেন, আমাদের পাশে থাকা নেতা সরফুদ্দিন সান্টু দলের মনোনয়ন পাওয়ায় সাধারন ভোটাররা বেশ উচ্ছসিত। গত ২টি নির্বাচনে সান্টু ভাই বিএনপির প্রার্থী হয়েছিল। তার নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগ। বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ মৃধা বলেন , দলের দু:সময় নেতাকর্মীদের পাশে থাকা ও নিজের অর্থায়নে দলের নেতাকর্মিদের মামলা পরিচালনা করা সরফুদ্দিন আহম্মেদ সান্টু দলীয় মনোনয়ন পাওয়ায় সকল শ্রেণীর মানুষ উৎফুল্ল। তাকে জয়ী করতে একাট্টা হয়ে মাঠে নামবে সাধারন ভোটাররাও। তার কারন তিনি ৪০ বছর ধরে সাধারন মানুষের পাশে ছিলেন। তিনি মানুষের উপকার করেছেন।
দলীয় ভোটের পাশাপাশি ব্যক্তি সান্টু বেশ জনপ্রিয়। তিনি সংসদ সদেস্য নির্বাচিত হলে সাধারন মানুষ উপকৃত হবেন। বীর মুক্তিযোদ্ধা শিকারপুর এলাকার বাসিন্দা অব্দুল মন্নান হাওলাদার বলেন, সরফুদ্দিন আহম্মেদ সান্টু একজন ভাল মানুষ। বিএনপি তাকে দলের মনোনয়ন দেয়ায় আমরা মহাখুশি। তার পক্ষে ভোটের মাঠে কাজ করবো।
