3:14 pm , November 3, 2025
মোঃ জিয়াউদ্দিন বাবু ॥ বরিশালে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তৃতায় তিনি বলেন, গ্রাম আদালত প্রান্তিক জনগণের ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর ও সহজলভ্য মাধ্যম। ছোটখাটো বিরোধ, দেনা-পাওনা, জমি-সংক্রান্ত সমস্যা বা পারিবারিক বিরোধ স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তির জন্য এই আদালতের গুরুত্ব অপরিসীম। কম সময় ও অল্প ব্যয়ে বিচারিক সেবা প্রদানের অন্যতম সফল ব্যবস্থা হিসেবে গ্রাম আদালতকে আরও সক্রিয়, স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালনা করা জরুরি। এসময় তিনি আরও বলেন, মসজিদের ইমামরা যেন জুমার খুতবায় গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন।
উন্মুক্ত আলোচনা পর্বে গ্রাম আদালতের প্রচার-প্রচারণা বৃদ্ধিতে বক্তারা বিভিন্ন সুপারিশ তুলে ধরে বলেন, ন্যায়বিচারের ক্ষেত্রে গ্রাম আদালতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে। কেবল এনজিও, গণমাধ্যম ও সরকারের ওপর নির্ভর না করে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে। গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় চেয়ারম্যান ও মেম্বারদের (স্থানীয় জনপ্রতিনিধি) পক্ষপাতহীন দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি যারা বিচার কার্যক্রম পরিচালনা করেন তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। এসময় বক্তারা আদালত থেকে উপকৃত ব্যক্তিদের অভিজ্ঞতা প্রচার-প্রচারণার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
