4:22 pm , November 2, 2025
নিজস্বপ্রতিবেদক ॥ অপসোস্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের পাঁচশ শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুত করার প্রতিবাদ ও চাকরি পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
গত বুধবার দুপুর দুইটার দিকে প্রত্যেক শ্রমিককে ডাকযোগে তাদের চাকরি থেকে অবসানের নোটিশ দেয়া হয়। নোটিশ পাওয়ার পর থেকে কোম্পানিটির শ্রমিকরা চাকুরী পুনরায় ফেরত পাওয়ার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ শুরু করে। রোববার সকাল থেকে ওএসএল ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের নারী ও পুরুষ শ্রমিকরা নগরীর বগুড়া রোডে সড়ক অবরোধ করে। তারা পুনরায় চাকরি পুনর্বহাল করার দাবিতে স্লোগান দেন।
শ্রমিকরা জানান, তিনদিনের ছুটি দিয়ে কোম্পানী থেকে তাদের চাকরি অবসানের নোটিশ দেয়া হয়। গত ২৮ অক্টোবর থেকে তারা বিক্ষোভ করলেও কোম্পানির কর্তৃপক্ষ তাদের সাথে কোন যোগাযোগ করেনি। বাধ্য হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দেন।
অপসোস্যালাই (ওএসএল) ফার্মা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। অবসানকৃত শ্রমিক- কর্মচারীদের চূড়ান্ত পাওনা ২০ নভেম্বরের মধ্যে বুঝিয়ে দেয়া হবে। যদি পুনরায় বিভাগটি চালু করা হয় তখন আবার যাদের অব্যহতি দেয়া হয়েছে তাদের প্রধান্য দেয়া হবে।
