বাকসু গঠনতন্ত্রের খসড়া প্রকাশ বাকসু গঠনতন্ত্রের খসড়া প্রকাশ - ajkerparibartan.com
বাকসু গঠনতন্ত্রের খসড়া প্রকাশ

3:54 pm , October 30, 2025

আরিফুর রহমান, ববি প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) গঠনতন্ত্রের খসড়া প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বাকসুর গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করা হয়। এতে কেন্দ্রীয় সংসদে ২৫টি ও হল সংসদে ১৫টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে।
খসড়া অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে সভাপতি ও কোষাধ্যক্ষ পদ ব্যতীত ২৩টি পদে সরাসরি নির্বাচন হবে। নির্বাচিত পদগুলো হলো সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ, বিপ্লব ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, আন্তর্জাতিক বিষয় সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, পরিবহণ সম্পাদক, সমাজসেবা সম্পাদক এবং ১১ জন নির্বাহী সদস্য।
সংরক্ষিত দুই পদের মধ্যে সভাপতি হবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ হবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ। অন্যদিকে, হল সংসদে মোট ১৫টি পদ থাকবে। এর মধ্যে ১৩টি পদে সরাসরি নির্বাচন হবে। নির্বাচিত পদগুলো হলো সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, পাঠকক্ষ সম্পাদক, ইনডোর গেমস সম্পাদক, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক, সমাজসেবা সম্পাদক এবং ৪ জন নির্বাহী সদস্য। প্রাধ্যক্ষ পদাধিকার বলে সভাপতি হবেন এবং আবাসিক শিক্ষক বা হাউজ টিউটরদের মধ্য থেকে একজন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।
খসড়া গঠনতন্ত্রে প্রার্থিতার যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে, প্রার্থীকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হয়ে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত হতে হবে। হল সংসদের ক্ষেত্রে প্রার্থীর অবশ্যই সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষার্থী হতে হবে।
এছাড়া সান্ধ্যকালীন কোর্স, যেমন এমবিএ, ইএমবিএ, এমএড, এমফিল, পিএইচডি বা সমমানের কোনো কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রার্থী বা ভোটার হতে পারবেন না। একইভাবে, কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরিরত শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও ভোটার হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন।
এ বিষয়ে বাকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্য সচিব ছোটন আলী বলেন, “৩ তারিখের মধ্যে শিক্ষার্থীরা অনলাইনে তাদের মতামত জানাতে পারবে। এরপর ৫ তারিখে আমরা সেসব মতামত পর্যালোচনা করবো। প্রয়োজনে সংযোজন-বিয়োজন করে চূড়ান্ত খসড়া সিন্ডিকেটে উপস্থাপন করা হবে।”

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT