সংঘর্ষের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা সংঘর্ষের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা - ajkerparibartan.com
সংঘর্ষের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

4:18 pm , October 29, 2025

এইচ.এম.এরশাদ, বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ভোলা প্রতিনিধি পরান আহসানের ওপর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  পরান আহসানকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। গত সোমবার স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যার দিকে লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন থেকে সংবাদ সংগ্রহ শেষে মোটরসাইকেলযোগে ভোলা সদরে সাংবাদিক পরান আহসান আসার পথে বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নের দরুন বাজার এলাকায় পৌঁছলে পূর্ব পরিচিত স্থানীয় কয়েকজন তাকে থামিয়ে ‘সামনে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে বলে জানায়’। এসময় মোটরসাইকেল থেকে নেমে মোবাইল বের করে এর  ভিডিও ধারনের চেষ্টা করেন সাংবাদিক পরান আহসান । তখন সাচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর  সাধারণ সম্পাদক সিরাজ হাওলাদারের প্রত্যক্ষ নির্দেশে সেখানকার যুবলীগ নেতা কামাল হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামাল হাওলাদার, শিখা, ছাত্রলীগ নেতা রবিন, দুলু হাওলাদারসহ আরো ৭-৮ জন মিলে দা এবং লাঠিসোটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা করে। এ সময় তিনি সাংবাদিক পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাকে  পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তাকে মারধর করে পাশে থাকা পুকুরে ফেলে দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধারে এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। সাংবাদিক পরান আহসান জানান, লালমোহন উপজেলা থেকে সংবাদ সংগ্রহ শেষে মোটরসাইকেলে ভোলায় ফেরার পথে স্থানীয় কয়েকজন তাকে জানায় যে ‘দরুন বাজার এলাকায় জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। সেখানে পৌঁছে তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ শুরু করলে সাচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক সিরাজ হাওলাদারের নির্দেশে হামলা চালায়।
তিনি আরও জানান, “আমি সাংবাদিক পরিচয় দিলেও তারা থামেনি। বরং আমাকে এলোপাথাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে তারা আমাকে পাশের পুকুরে ফেলে দেয়।
এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে মামলা করি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বোরহানউদ্দিন আঞ্চলিক প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এবং ভোলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, হামলার ঘটনায় সাংবাদিক পরান আহসান বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT