বাবুগঞ্জে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে মারধর বাবুগঞ্জে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে মারধর - ajkerparibartan.com
বাবুগঞ্জে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে মারধর

3:59 pm , October 28, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে চুরির অভিযোগে এক যুবককে প্রকাশ্যে ধাওয়া করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।  মারধরের শিকার যুবক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া বিলের খাল এলাকায়। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাতে স্থানীয় আব্দুল আলী ব্যাপারীর বাড়িতে সিঁধ কেটে প্রবেশ করে তার পুত্রবধূ লিপি বেগমের কানের দুল নিয়ে যায় চোররা।
এর পরদিন বেলা সাড়ে ১১টার দিকে একই এলাকার মৃত মোসলেম সরদারের ছেলে বেলাল সরদার (৩৬) সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের পাশে তার বন্ধু জসিমের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় আব্দুল আলী ব্যাপারীর ছেলে সজল বেপারী তার সহযোগীদের নিয়ে চুরির অভিযোগ এনে বেল্লালকে ধাওয়া করে। আত্মরক্ষার্থে সে পালিয়ে মন্টু হাওলাদারের বাড়ির পেছনের ধানক্ষেতে পড়ে গেলে সজল, তার ভাই আল-আমিনসহ আরও কয়েকজন মিলে তাকে ধরে ধানক্ষেতের মধ্যেই বেধড়ক মারধর করেন।
স্থানীয় এক যুবক মোবাইলে পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভুক্তভোগী বেলাল সরদার বলেন, আমি কোনো চুরির সঙ্গে জড়িত নাই। বিনা কারণে আমাকে ধরে প্রকাশ্যে অপমান ও নির্যাতন করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
কেদারপুর এলাকার স্থানীয় বাসিন্দা আজিজ সরদার বলেন, কাউকে সন্দেহ করে এভাবে মারধর করা সম্পূর্ণ অন্যায় ও আইনবিরোধী কাজ। ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া একটি ন্যাক্কারজনক ঘটনা।
লিপি আক্তারের ননদ কাজল আক্তার বলেন-আমাদের ঘরে সত্যিই চুরি হয়েছে। আমাদের সন্দেহ ছিল বেলালের ওপর।
সজলের দাবি, তিনি মারধর করেছেন তবে ভিডিও ধারণ কে করেছে সেই বিষয়টি তিনি জানেন না।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। চুরির অভিযোগ দিয়ে কাউকে প্রকাশ্যে মারধর ও ভিডিও ভাইরাল করা আইনত অপরাধ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT