3:52 pm , October 28, 2025
সারাদেশে ক্যাম্পাসগুলোতে সাধারন শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্র রাজনীতি পরিচালনা করা হবে -ছাত্রদল সভাপতি
সভাপতি হয়েছেন জুবায়ের-সাধারণ সম্পাদক ওয়ালিদ
নিজস্ব প্রতিবেদক ॥ উৎসবমুখর পরিবেশে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনের ভোট নেয়া হয়েছে। ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম জুবায়ের (৭১৫ ভোট) ও ওয়ালিদ বিন সালাহউদ্দিন ১০৬৪ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেয়া হয়। নির্বাচনে সভাপতি পদে ৫ ও সাধারন সম্পাদক পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন উপলক্ষ্যে বিএম কলেজে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। নির্বাচন শেষে সভাপতি রাকিব বলেন, আমাদের কমিটমেন্ট ছিলো সারাদেশে ক্যাম্পাসগুলোতে সাধারন শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্র রাজনীতি পরিচালনা করবো। তারই ধারাবাহিকতায় বিএম কলেজ ছাত্রদলের কাউন্সিল উপলক্ষ্যে একটি উৎসবমুখর পরিবেশ হয়েছে। এতে বিএম কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ভোট দিয়েছেন। তাদের সাথে সাথে সাধারন শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত। কারন হলো ভোট প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হচ্ছে। এ ধরনের নির্বাচনের মাধ্যমে সকল শিক্ষার্থীদের মতামত প্রধান্য দেয়া হয়। এজন্য সাধারন শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে ক্যাম্পাসে কাজ করতে বাধ্য হয়। এতিহ্যবাহী বিএম কলেজের কাউন্সিলের ভোট গ্রহণ পরিবেশ সুষ্ঠু ও সুন্দরভাবে হয়েছে। সামান্যতম ত্রুটি বিচ্যুতি হয়নি। ভোটে যারা জয়ী হবে এবং যারা পরাজিত হবে তাদের সকলকে একসাথে করে দিয়ে যাবো। যাতে তারা যেন বিএম কলেজ ও সারাদেশে একসাথে ছাত্র রাজনীতি করে। সেই ধরনের নির্দেশনা থাকবে।
রাকিব বলেন, গত একবছর ধরে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে ছাত্রদল ক্যাম্পাসে গেষ্টরুম কালচার চালু করবে। গণরুম কালচার চালু করবে। নেতাকর্মীরা সিট দখল করবে। কেউ বলতে পারবে না, ছাত্রদলের কোন পদধারী ক্যাম্পাসে পক্ষপাতমূলক আচরন করেছে। কারন আমরা সামান্যতম অনিয়ম ও অন্যায় করলে আমরা ক্ষমা করি না। ছাত্রদল করতে হলে আচরণে সংযত হতে হবে। সাধারন শিক্ষার্থীদের মনোভাব বুঝে ছাত্র রাজনীতি করতে হবে।
ছাত্রদল নেতা লিমন সাহা কানু জানিয়েছেন, সুশৃঙ্খল পরিবেশে কলেজের কলা ভবন ১ ও ৩ নম্বর ভবনের ৬টি বুথে ভোট দিয়েছেন। নির্বাচনে ভোটার ছিলেন ২৪৯৮ জন। এরমধ্যে ২০১৬ ভোটার ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনজুরুল আলম রিয়াদ ও প্রধান রিটানিং কর্মকর্তা ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল। নির্বাচন শেষে ফল ঘোষনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
