3:56 pm , October 25, 2025
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে দোকানে ক্রেতা কম-বেশি হওয়া নিয়ে দ্বন্দ্বোর জেরে এক দোকান মালিক ও তার লোকজনের ওপর হামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ভেদুরিয়া খেয়াঘাটে এ ঘটনা ঘটে। ভেদুরিয়া গ্রামের ইউসুফ মুন্সী ও ছালাম মুন্সীর নেতৃত্বে ১৫-২০ জন লোক দেশিয় অস্ত্র নিয়ে একই গ্রামের মোকছেদ খান, মিজান খান ও তাদের লোকজনের ওপর হামলা করে বলে অভিযোগ করেন আহতরা। এতে দোকান মালিক মিজান খান, তার ভাই মোকছেদ খানসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। এঘটনায় মোকছেদ খান বাদী হয়ে ১৫ জনকে আসামি করে গতকাল শনিবার দুপুরে মুলাদী থানায় মামলা করেছেন।
মামলার সূত্র ও মোকছেদ খান জানান, ভেদুরিয়া খেয়াঘাটে তার ভাই মিজান খান এবং ভেদুরিয়া গ্রামের ইউসুফ মুন্সী ও জহির মুন্সীর পাশাপাশি মুদি দোকান রয়েছে। মিজান খান পুরাতন ব্যবসায়ী হওয়ায় তার দোকানে ক্রেতারা বেশি কেনাকাটা করেন। এতে ইউসুফ মুন্সী ও জহির মুন্সীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা দুজনে ক্রেতাদের ভয়ভীতি দেখান। তারা ক্রেতাদের মিজান মুন্সীর দোকান থেকে মাল কিনতে নিষেধ করেন এবং ইউসুফ কিংবা জহির মুন্সীর দোকান থেকে মালামাল কিনতে বলেন। ক্রেতারা বিষয়টি মিজান খান ও তার ভাই মোকছেদ খানকে জানান। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোকছেদ খান ক্রেতাদের ভয়ভীতি দেখানের বিষয়ে ইউসুফ মুন্সী ও জহির মুন্সীর কাছে জানতে চান এবং ক্রেতাদের ভয় দেখাতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ৯টার দিকে ইউসুফ মুন্সী ও জহির মুন্সী ১৫-২০ জন লোক ও রামদা, লোহার রড লাঠিসোটা নিয়ে হামলা করলে দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে মোকছেদ খান, মিজান খান, জাহাঙ্গীর খান, রাজিয়া বেগম, অলিল হোসেন, রনি হোসেনসহ কমপক্ষে ১০জন আহত হন। ওই সময় মিজান খানের দোকান থেকে প্রায় ২ লাখ টাকা ও মালামাল লুট হয় বলে অভিযোগ করেন মোকছেদ খান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওই রাতেই মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এঘটনায় মোকছেদ খান বাদী হয়ে ইউসুফ মুন্সী, ছালাম মুন্সী, জহির মুন্সী, আবু বকর মুন্সী, আল আমিন মুন্সী, মোস্তফা হোসেন, কাওসার হোসেন, কালাম মুন্সীসহ ১৫জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন। মামলার পর পর শনিবার বিকেলে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ ঘটনাস্থল পরিদর্শনে গেলে আসামিরা পুলিশের সামনেই বাদীকে মারধর ও হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, এক দোকান মালিক মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
