মাথা গোজার ঠাই পেল সালমা মাথা গোজার ঠাই পেল সালমা - ajkerparibartan.com
মাথা গোজার ঠাই পেল সালমা

3:39 pm , October 23, 2025

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালের জেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় মাথা গোজার ঠাই পেল নির্যাতিতা সালমা আক্তার। সরকারি নানা খাতের অর্থে জমি কিনে সমাজ সেবা অধিদপ্তরের তৈরী করা ঘর বরিশালের জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেন বৃহস্পতিবার বিকেলে সালমার কাছে হস্তান্তর করেছেন। বাবুগঞ্জে বিমানবন্দরের কাছে এ ঘর হস্তান্তরের সময় সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক, বাবুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার(ভূমি), মহিলা বিষয়ক কর্মকর্তা ও গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
বাবুগঞ্জের সালমা আক্তার ২০০২ সালে মাত্র ১৩ বছর বয়সে তার চাচাত ভাইয়ের দ্বারা নির্যাতনের শিকার হয়। এ ঘটনায় তার পুরো পরিবার এলাকা থেকে সমাজচ্যুত হয়। ওই ঘটনায় মামলা দায়েরের পর ২০১১ সালে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযুক্ত চাচাত ভাইকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান ছাড়াও তার গর্ভজাত সন্তানকে ২১ বছর বয়স পর্যন্ত ভরণ পোষণে রাষ্ট্রকে নির্দেশ দেয়।
কিন্তু সরকার প্রদত্ত সে অর্থের প্রায় পুরোটাই তার ভাইদের পরিবারের পেছনে ব্যয় হয়ে যায়। ইতোমধ্যে তার সন্তান স্থাণীয় একটি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে।
বরিশালের জেলা প্রশাসক বিষয়টি জানতে পেরে সালমার জন্য বাবুগঞ্জের রহমতপুরে জাতীয় মহাসড়কের পাশে প্রথমে জমি কিনে দেন। সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে তাকে আঁধাপাকা ঘর তৈরী করে দেয়ার পরে বৃহস্পতিবার তা হস্তান্তর করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT