আড়িয়াল খাঁ নদ থেকে বিশাল নোঙর উদ্ধার আড়িয়াল খাঁ নদ থেকে বিশাল নোঙর উদ্ধার - ajkerparibartan.com
আড়িয়াল খাঁ নদ থেকে বিশাল নোঙর উদ্ধার

3:38 pm , October 23, 2025

বিশেষ প্রতিবেদক ॥ জেলেদের জাল আটকে যাওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে বিশাল আকৃতির একটি নোঙ্গর উদ্ধার করা হয়েছে আড়িয়াল খাঁ নদ থেকে। টানা প্রায় ৪৮ ঘন্টার চেষ্টায় সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর গ্রামের জেলেরা ডুবুরিদের সহায়তায় নোঙ্গরটি ডাঙ্গায় তুলে আনেন।
জেলে জসিম উদ্দিন  জানান, পাঙ্গাস মাছ ধরার জন্য নদীতে জাল ফেলার পরে তা তুলতে গিয়ে আটকে যায়। আগেও এখানে বেশ কয়েকবার আটকে গিয়ে জাল নষ্ট হয়েছে। প্রথমে গাছের গুঁড়িতে জাল আটকে গেছে  মনে করেছিলাম, পরে নদীতে নেমে ভারী লোহার বস্তু মনে হয়েছে। ডুবুরি এনে প্রথমে একটি গাছের গুঁড়ি উঠানো হলেও পরে দুইদিন মাটি খুঁড়ে পাঁচজন ডুবুরি ভারী নোঙ্গরটি তুলে আনে। নোঙ্গরটি অনেক পুরনো।
বৃটিশ ও পাকিস্তান আমলে শায়েস্তাবাদের তালতলী ও সংলগ্ন আড়িয়াল খাঁ নদ দিয়ে বরিশাল-ঢাকা নৌপথ সচল ছিল। অনেক ছোট বড় নৌযান চলত এ নৌপথে।
কিন্তু ১৯৭১ সালের ২৫ এপ্রিল পাক বাহিনী গানবোট নিয়ে বরিশাল দখলের সময় জুনাহারে নদী আটকিয়ে নোঙর করা যাত্রীবাহী নৌযান ‘পিএস ইরানী ও পিএস মাজবী’ থেকে মুক্তিযোদ্ধরা প্রতিরোধ গড়ে তুললে গানবোটের গোলায় নৌযান দুটি ডুবে যায়। এখানে অনেক মুক্তিযোদ্ধা ও গ্রামবাসী শহিদ হন। নৌযান দুটি ডুবে গেলে পুরো নৌথ বন্ধ ও পরিত্যাক্ত হয়ে যায়।
অনুমান করা হচ্ছে, পাকিস্তান আমলেই কোন নৌযান এ নদীতে নোঙর করার পরে তা আটকে যায় । উদ্ধারকৃত নোঙরটি তারই একটি বলেও অনুমান করছেন এলাকাবাসী। নোঙরটি লম্বায় প্রায় সাত ফুট।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান সাংবাদিকদের বলেন, “এটা রাষ্ট্রীয় সম্পদ। বিআইডব্লিউটিএ-কে অবহিত করা হবে। ঘটনাস্থলে গিয়ে দেখব কী করা যায়, পরে প্রশাসন সিদ্ধান্ত নেবে।”

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT