পান চাষিদের বাঁচাতে বরিশালে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পান চাষিদের বাঁচাতে বরিশালে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান - ajkerparibartan.com
পান চাষিদের বাঁচাতে বরিশালে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

3:02 pm , October 20, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ পান রপ্তানি বৃদ্ধি ও পান চাষিদের আর্থিক প্রণোদনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পান চাষি সমিতি, বরিশাল জেলা কমিটি।
সোমবার সকাল ১০টায় নগরীর টাউনহল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার।
এ সময় বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক নিমাই মন্ডল, কেন্দ্রীয় সদস্য উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ, জেলা কমিটির সভাপতি অধ্যাপক জলিলুর রহমান, ডা. হারুন আর রশিদ ও হায়দার আলী হাওলাদার।
বক্তারা বলেন, পান দিয়ে আপ্যায়ন বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের অংশ। দেশের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে পান রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন হলেও, সরকারের ভুলনীতি ও অতিরিক্ত শুল্কের কারণে রপ্তানি কমে গেছে। এতে বাজারে পানের দাম অস্বাভাবিকভাবে হ্রাস পেয়ে চাষিরা চরম সংকটে পড়েছেন।
তাঁরা অভিযোগ করেন, রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো প্রণোদনা পেলেও উৎপাদক পান চাষিরা বঞ্চিত হচ্ছেন। বাড়ছে উৎপাদন ব্যয়, সার ও কীটনাশকের দাম, জমির লিজের খরচ সব মিলিয়ে পান চাষ এখন প্রায় অলাভজনক হয়ে পড়েছে। অনেকে এনজিও ঋণের কিস্তি দিতেও হিমশিম খাচ্ছেন।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান পান রপ্তানিতে আরোপিত বাধা দূর করা, চাষিদের স্বল্পসুদে ঋণ প্রদান, ত্রাণ ও রেশন সুবিধার আওতায় আনা, প্রণোদনা প্রদান, পান গবেষণা কেন্দ্র ও সংরক্ষণাগার স্থাপন, পান বিমা চালু করা এবং ভারত থেকে পান আমদানি বন্ধ করার জন্য।
তাঁরা আরও বলেন, ধান চাষ অলাভজনক হয়ে পড়ায় অনেক কৃষক পান চাষে যুক্ত হয়েছেন। এ খাতের বিপুলসংখ্যক খেতমজুরেরও জীবিকা নির্ভর করে এই চাষের ওপর। তাই পান চাষ ধ্বংস হলে শুধু কৃষক নয়, হাজারো শ্রমিকও বিপদে পড়বে।
সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT