3:30 pm , October 17, 2025
লালমোহন প্রতিবেদক ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শেখ হাসিনা ও শেখ মুজিবের শাসনামলে কেবলমাত্র দু:শাসনই আমরা পেয়েছি। ওদের একমাত্র কাজ ছিলো দেশের সম্পদ লুটপাট করা। দেশের মধ্যে যাতে তাদের অপকর্মের প্রতিবাদ কেউ করতে না পারে তার জন্য তারা হত্যালীলা শুরু করে। আয়না ঘর নামক বন্দিশালায় নিয়ে নির্মম নির্যাতন চালানো হতো। বিএনপির কয়েক হাজার কর্মীকে হত্যা করেছে তারা। হিটলারের বাহিনী এমনকি পাকিস্তানি বাহিনীও এতো অত্যাচার করেনি যা আওয়ামী লীগ সরকার করেছে। শুক্রবার সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে উপজেলার আলিয়া মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ আরো বলেন, আওয়ামী লীগের কাজ ছিলো ভারতীয়দের পুজা করা। তাদের সকল চাওয়া পাওয়া পূরণ করা। আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশ ছিলো ভারতের একটি অঙ্গরাজ্য।
মেজর হাফিজ বলেন, ভোট এলেই নানা কায়দা অবলম্বন করতো আওয়ামী লীগ। নির্বাচনি সহিংসতা এদেশে সূচনা করেছে শেখ হাসিনা। যেটা গত ১৬ বছর সকল নির্বাচনে চালিয়ে গেছে। এমন কোনো অপকর্ম নাই যে তারা করেনি। হত্যা, গুম লুণ্ঠন ইত্যাদি করে এদেশের মেরুদন্ড ভেঙে দিয়েছে। আর একটা কাজ করেছে কেবল ভারতের স্বার্থ রক্ষা করেছে। আজব আজব বৈষম্যমূলক আইন ভারতের সঙ্গে করেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এদেশের ছাত্র সমাজ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল যখন রাজপথে নেমে আসে তখন শেখ হাসিনা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এখন তাদের মানি লন্ডারিং এর জন্য আন্তর্জাতিকভাবে বিচার শুরু হয়ে গেছে।
লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া ঝান্টু, সাধারণ সম্পাদ কামরুজ্জামান বাবুল।
