4:07 pm , October 16, 2025
পরিবর্তন ডেস্ক ॥ এইচএসসি পরীক্ষায় ফল খারাপ হওয়ায় নুসরাত জাহান নাসরিন নামে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিস কুমার সাহা। তিনি জানান, এইচএসসি পরীক্ষায় ফল খারাপ হওয়ায় নুসরাত জাহান নাসরিন নামে এক পরীক্ষার্থীকে দুপুর ১২টার দিকে মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। নুসরাত জাহান নাসরিন প্রত্যেক বিষয়ে ফলাফল ভালো করলে এক বিষয়ের তার রেজাল্ট খারাপ হয়েছে। তিনি রেজাল্ট পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারতেন।’জানা গেছে, নুসরাত জাহান নাসরিন বরগুনার আমতলী এলাকার বশির মৃধার মেয়ে। বরিশাল নগরীতে বাসা ভাড়া নিয়ে বড় বোনের সঙ্গে থাকতেন তিনি। একটু নজর দিন: আপনি যদি কখনো মনে করেন, জীবন অসহনীয় হয়ে উঠছে, জেনে রাখুন— আপনি একা নন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের কাজ। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলুন। যেটা এখন মনে হচ্ছে, তা সাময়িক— সময়, সহায়তা ও কথা বলার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন সম্ভব। জীবন মূল্যবান এবং এখনও অনেক সুন্দর মুহূর্ত বাকি আছে।আপনি যদি মানসিক চাপে বা আত্মহত্যার চিন্তায় ভুগে থাকেন, অনুগ্রহ করে বিশেষজ্ঞ চিকিৎসক, কাউন্সেলর বা হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করুন। সাহায্য চাইতে কখনো দ্বিধা করবেন না।
