3:34 pm , October 15, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে বুধবার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশালের আয়োজনে নগরীর সার্কিট হাউসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, হাসপাতালে গিয়ে শিশু ওয়ার্ড পর্যবেক্ষণ করলে বুঝা যায় কতগুলো শিশু ডায়রিয়া রোগে আক্রান্ত। অনেক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করছে। অনিরাপদ খাদ্য গ্রহণ এবং পরিষ্কার- পরিচ্ছন্ন না থাকার কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ার মত রোগ হয়ে থাকে। এ ধরনের রোগব্যাধি থেকে নিরাপদ থাকার জন্য সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের মায়েদের হাত না ধুয়ে কোন কিছু খাওয়ার কুফল সম্পর্কে সচেতন করতে হবে। এসময় তিনি স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কমবে বলে উল্লেখ করেন।
তিনি বলেন, গর্ভবতী মায়েদের বুঝাতে হবে গর্ভাবস্থায় হাত না ধুয়ে খাবার খেলে বিভিন্ন রোগের জীবাণু পেটে গিয়ে ভ্রূণের সমস্যা করে। আর হাত ধুয়ে খাবার খেলে একটা সুস্থ বাচ্চা পৃথিবীতে জন্ম নিবে। এসময় তিনি হাত ধোয়ার বিষয়ে সবাইকে সচেতন করতে পারলে আগামীতে বাংলাদেশ একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইমরান তরফদারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার শরিফ উদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বিশেষ অতিথির বক্তৃতা করেন।
