3:28 pm , October 11, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। সরকারি ক্ষমতা এখন কেন্দ্রীভূত নয়। সঠিক সময়ে এবং দ্রুত সেবা নিশ্চিত করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জেলা ও উপজেলা পর্যায়ে ক্রয়, পরিকল্পনা ও বাস্তবায়নের সিদ্ধান্তকে বিকেন্দ্রীকরণ করেছে। উপদেষ্টা শনিবার সকালে ঝালকাঠি সার্কিট হাউসে জেলা প্রশাসন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, সরকারি প্রকল্পের অপব্যবহার কোনভাবে করা যাবে না। সরকার প্রকল্প নেয় মানুষের দুর্ভোগ লাঘব ও দুর্যোগের সময় বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য। তিনি বলেন, সরকারি আশ্রয়কেন্দ্রগুলো দুর্যোগের পাশাপাশি সারাবছর জনস্বার্থে ব্যবহার করার সুযোগ তৈরি করতে হবে। স্থানীয় প্রশাসনের তদারকিতে আশ্রয়ণ কেন্দ্র সাধারণ জনগণে জন্য কমিউনিটি সেন্টার এবং তরুণদের জন্য ইনডোর খেলাধুলার ব্যবস্থা করতে হবে। এসময় তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চলমান সব প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
তিনি বলেন, বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধ ও সম্পদশালী রাষ্ট্র। আমরা নিজদের সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারলে বিদেশি সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হবে না। ২৪ এর গণ-অভ্যুত্থান আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ দিয়েছে। আমরা এমন দেশ রেখে যেতে চাই ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদেরকে গর্ব ভরে স্মরণ করে। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। জনগণকে সুষ্ঠুভাবে ভোট প্রদানের মুখ্য দায়িত্ব আপনাদেরকেই পালন করতে হবে।
মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান,পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা ঝালকাঠির নলছিটি উপজেলায় ভরতকাঠি দপদপিয়া কলেজ ও বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করেন।
