3:45 pm , October 10, 2025
কলাপাড়া প্রতিবেদক ॥ বঙ্গোপসাগরের গঙ্গামতি সংলগ্ন এলাকার সূর্যোদয় পয়েন্ট থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকাল ১০টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। মরদেহ উদ্ধারের সময় তার পরনে কালো রঙের হাফপ্যান্ট, গায়ে লাল রংয়ের শার্ট ছিল। তবে পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গঙ্গামতি থেকে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি সমুদ্রে ভেসে এসে চরে আটকে যায়। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, সকালে দোকান খুলতে গেলে মরদেহটি ভেসে থাকতে দেখি। পরে পুলিশে খবর দেই।
কুয়াকাটা নৌ-পুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, কুয়াকাটার গঙ্গামতি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
