বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন - ajkerparibartan.com
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন

3:54 pm , October 5, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ‘শিক্ষক পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ প্রতিপাদ্যে নগরীতে গতকাল রোববার বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপিত হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবার আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় রাজনীতিকরণ দীর্ঘদিনের একটি বড় সমস্যা। শিক্ষক নিয়োগ ও পদোন্নতি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্যন্ত অনেক ক্ষেত্রেই রাজনৈতিক প্রভাব পরিলক্ষিত হয়। বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের দলীয় বিভাজন মানসম্মত শিক্ষার পরিবেশ নষ্ট করে। শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত না করলে টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতাসম্পন্ন প্রজন্ম তৈরি করা সম্ভব হবে না।
তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা দেশের টেকসই উন্নয়ন ও প্রগতির অন্যতম প্রধান শর্ত। শুধু বিদ্যালয়ে ভর্তি কিংবা পরীক্ষার ফল ভালো হওয়া মানসম্মত শিক্ষার পরিচায়ক নয়; বরং শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশই এর মূল লক্ষ্য। এজন্য প্রয়োজন প্রশিক্ষিত শিক্ষক, হালনাগাদ পাঠ্যক্রম, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ। শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থায় রাজনীতিকরণ বন্ধ করতে পারলেই মানসম্মত শিক্ষা বাস্তবায়ন সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে আলোচনা সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন ও জেলা শিক্ষা অফিসার হারুনুর রশীদ বক্তৃতা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT