4:23 pm , October 1, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বিভিন্ন পূজা ম-প পরিদর্শন ও বিশিষ্ট সমাজসেবক বিজয় কৃষ্ণ দে-র পরিবারবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। ১ অক্টোবর (বুধবার) সন্ধ্যার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগরীর অমৃত লাল দের পারিবারিক পূজা ম-প ও শংকরমাঠ পূজা ম-প পরিদর্শন করেন।
এসময় অ্যাডভোকেট হেলাল বলেন, “মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ’ আমরা সকলে মিলে বাংলাদেশ। জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করি। সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষকে সঙ্গে নিয়ে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। ধর্মের দোহাই দিয়ে সনাতন ধর্মালম্বীদের সাথে বিভাজন সৃষ্টি করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “জামায়াতের কোনো নেতা-কর্মী কখনো কোনো হিন্দু ভাইয়ের জমি দখল বা অসদাচরণ করেনি। আমরা চাঁদাবাজ ও দখলদার মুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চাই।”
আগামী নির্বাচনে দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার জন্য তিনি সনাতনী ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, কর্মপরিষদ সদস্য মো. শামীম কবির, থানা নায়েবে আমির এডভোকেট সালাউদ্দিন মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জামায়াতের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক, অমৃত লাল দে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, শিল্পপতি ও সমাজসেবক বিজয় কৃষ্ণ দে, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে ও তাদের পরিবারবর্গের সঙ্গে।
