বাবুগঞ্জের শহীদ প্যাদার বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকাবাসী ॥ বড়ধরনের সংঘর্ষের আশংকা বাবুগঞ্জের শহীদ প্যাদার বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকাবাসী ॥ বড়ধরনের সংঘর্ষের আশংকা - ajkerparibartan.com
বাবুগঞ্জের শহীদ প্যাদার বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকাবাসী ॥ বড়ধরনের সংঘর্ষের আশংকা

4:15 pm , September 20, 2025

বানারীপাড়ার সন্ধ্যা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারী

বানারীপাড়া প্রতিবেদক ॥ বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীর ২০৭ দাগের নবগ্রাম বালু পয়েন্ট ইজারা নিয়ে ওই পয়েন্টের পরিবর্তে জাঙ্গালিয়া চাউলাকাঠী পয়েন্ট থেকে জোরপূর্বক অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে নানা অপকর্মের হোতা র‌্যাব ও পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হওয়া বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি পরিচয় দেয়া শহীদ প্যাদার বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে সন্ধ্যা নদীর দু’পাড়ের নদী ভাঙ্গনের শিকার ও ভাঙ্গন কবলিত এলাকার সর্বস্তরের সাধারন মানুষ। অবৈধভাবে বালু কাটার ঘটনায় ওই গত ১৬ সেপ্টেম্বর সহ বেশ কয়েকদিন ওই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ ট্রলার ও নৌকা যোগে ওই স্থানে গিয়ে অবৈধ বালুকাটার বিরুদ্ধে বিক্ষোভ করে বালু কাটা বন্ধ করে দেয়। সে কারনে সাময়িক অবৈধ বালুকাটা বন্ধ রেখে ওই এলাকা থেকে চলে গেলেও সুযোগ বুঝে পরে আবার ও সেখানে ফিরে এসে দিন ও রাতের আধারে বালু কাটা চালু রেখেছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।এলাকার সাধারণ মানুষের দাবি শহীদ প্যাদা যেই পয়েন্টে বালুমহল ইজারা পেয়েছে সেইপয়েন্টে গিয়ে বালু কাটুক। এর বাহিরে অন্য কোন পয়েন্টে অবৈধভাবে বালুকাটলে যেকোনো মূল্যে তারা প্রতিহত করবে।
জানাগেছে, বাবুগঞ্জের শহীদ প্যাদা বানারীপাড়া সন্ধ্যা নদীর নবগ্রাম বালু পয়েন্টের বালুকাটার ইজারা নেয়। ওই পয়েন্টটি হল তালাপ্রসাদ এলাকার বালু মহল। যার তফসিল ৪৮ নং মৌজার নবগ্রাম, দাগ নং ২০৮। ওই পয়েন্টটি বর্তমানে সম্পূর্ণ চর পরে ভরে গিয়েছে।
এদিকে গত ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের পশ্চিম ভুতেরদিয়া গ্রামের আব্দুল্লাহ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ শহীদ প্যাদা হঠাৎ করে বালু কাটার ড্রেজার ও জাহাজ নিয়ে বানারীপাড়ার সন্ধা নদীর জাংগালিয়া-বড় চাউলাকাঠী পয়েন্টে উপস্থিত হন। তার দাবি তিনি সরকারের কাছ থেকে সন্ধ্যা নদীর ওই চরের (পানির নিচের) বালুমহল ইজারা নিয়েছেন। এদিকে স্থানীয়রা জানান,ইজারাকৃত ওই বালু মহল তফসিল ৪৮ নং মৌজার নবগ্রাম, দাগ নং ২০৮ । শহীদ প্যাদা যে পয়েন্টে ইজারা নিয়েছেন সেই স্থানটি এখন নদীর স্থায়ী চর। সেখানে ঘরবাড়ি নির্মাণ করে মানুষ বসবাস করছে।এমনকি সেখানে ইটভাটা ও রয়েছে। এ বিষয়ে শহীদ প্যাদা বানারীপাড়া থানা’র ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে অবহিত করার কথা জানালেও,
এ প্রসঙ্গে বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: মোস্তফা বলেন, এটা আমার বিষয় নয়।এছাড়া আমাকে এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি।
অপরদিকে, এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বায়জিদুর রহমান বলেন, তারা উপজেলায় এসেছিলো। যে নির্দিষ্ট জায়গায় তাদের ইজারা দেওয়া হয়েছে,তিনি সেই পয়েন্টে যেতে বলেছেন। তিনি আরো জানান,এর ব্যাতিক্রম কিছু হলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কর্মকর্তা ব্যাবস্থা গ্রহণ করবেন।
পয়েন্ট বিহীন এলাকায় জোরপূর্বক অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে চাখারের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করে তাদেরকে নির্ধারিত স্থানে গিয়ে বালু কাটার নির্দেশ দিয়েছেন। নির্ধারিত স্থানের বাহিরে কাটতে নিষেধ করলেও শহীদ প্যাদা ও তার লোকজন কারো কথায় কোন কর্ণপাত না করে তারা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে জোর পূর্বক ইজারাকৃত স্থানের বাহিরে গিয়ে বালু কাটা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, শহীদ প্যাদা তার ভাড়াটিয়া বাহিনী সহ অস্ত্রসস্ত্র নিয়ে স্থানীয় জাহাজ ও পার্শ্ববর্তী এলাকায় আশ্রয় নিয়েছে। তারা মাঝ রাতে সেখানে ককটেল ফুটিয়ে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চর উত্তর ভূতেরদিয়া এলাকার মৃত আঃ কাদের প্যাদার ছেলে শহিদ প্যাদা বাবুগঞ্জ উপজেলাসহ পার্শবর্তী থানাগুলোর মানুষের কাছে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে, তার নিজ ইউনিয়ন জাহাঙ্গীরনগরসহ বাবুগঞ্জের সাধারন মানুষের কাছে আতংকের নাম শহিদ প্যাদা। থানা সূত্রে জানা যায়- ডিএসবির চাঁদাবাজি ও সন্ত্রাসী তালিকায় বাবুগঞ্জ থানায় এক নাম্বারে তার নাম রয়েছে। আবার মাদক ব্যাবসায়ী তালিকায় তার নাম রয়েছে ৯ নম্বরে। এছাড়াও শহিদ প্যাদার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১২ টি মামলা রয়েছে।
আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে নিজ বাড়ীর চারপাশ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করে ও ঘরের মধ্য সুরঙ্গ তৈরি করে দিনের পর দিন নিজ জনপদকে আতংকে পরিনত করেছে শহীদ প্যাদা। গত ১২ ডিসেম্বর মীরগঞ্জ ট্রলার ঘাট এলাকায় ড্রেজার লুটের ঘটনায় ৩ জনকে কুপিয়ে আহত করে শহিদ প্যাদা। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে ১৫ ডিসেম্বর রাতে গ্রেফতার করে বাবুগঞ্জ থানা পুলিশ। যার মামলা নং-১১। এছাড়া গত ১৬ সেপ্টেম্বর অনুমান সাড়ে ৫টার দিকে বরিশাল বাবুগঞ্জ থানাধীন পূর্ব ভূতেরদিয়া কেদারপুর এলাকায় আসামীরা বে-আইনী জনতাবদ্ধে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আড়িয়াল খাঁ নদীতে সরকারী ইজারাকৃত বালু মহলে ভিকটিমের টোকেন ঘরে হামলা করে ঘর ভাংচুর করে এবং টোকেন ঘরে থাকা বালু বিক্রয়ের ১ লক্ষ ৭৫ হাজার টাকা লুট করে।এ সময় ২ রাউন্ড ফাঁকা গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। অস্ত্রের মুখে জিম্মি করে তারা জোরপূর্বক ২টি ড্রেজার করে নিয়ে যায়। আসামীরা তাদেরকে খুনসহ বিভিন্ন হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। সেই ঘটনায় বাবুগঞ্জ থানার বিস্ফোরক ও নাশকতা মামলার প্রধান আসামী মোঃ শহীদ প্যাদাকে গত ১৪ অক্টোবর ঢাকা জেলার সাভার থানাধীন ডেন্ডাবর এলাকায় র‌্যাব-৮ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।
ওই দিন সকাল সাড়ে ১১টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা। গত ২৪ এপ্রিল ২০২৫ মুলাদীর আড়িয়াল খান নদী হতে অবৈধভাবে বালুর তোলার সময় থানার উপ পরিদর্শক গোলাম মোস্তফার নেতৃত্বে আড়িয়াল খা নদীর পশ্চিম চর লক্ষীপুর এলাকা হতে শহীদ প্যাদা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। ওইদিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন ভ্রাম্যমান আদালতে তাদেরকে ৪ লক্ষ টাকা জরিমানা করেন। বাবুগঞ্জের আতঙ্ক ছড়িয়ে বর্তমানে বানারীপাড়াকে আতঙ্কিত করছে এই শহীদ প্যাদা।এখন আবার তিনি শান্ত বানারীপাড়াকে অশান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।নদী ভাঙ্গন কবলিত এলাকার সর্বস্তরের মানুষ প্রশাসনের কাছে অতিদ্রুত এই সমস্যার সমাধান চান।
এলাকাবাসী জানান, প্রশাসন ব্যাবস্থা না নিলে এবং অবৈধভাবে কেউ নদীর চরের বালু কাটতে আসলে তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT