মুলাদীতে ককটেল-দেশীয় অস্ত্র ও টাকা উদ্ধার ॥ দুই ভাই আটক মুলাদীতে ককটেল-দেশীয় অস্ত্র ও টাকা উদ্ধার ॥ দুই ভাই আটক - ajkerparibartan.com
মুলাদীতে ককটেল-দেশীয় অস্ত্র ও টাকা উদ্ধার ॥ দুই ভাই আটক

3:56 pm , September 19, 2025

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ককটেল, বিপুল পরিমান দেশীয় অস্ত্র এবং ৫লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের আব্বাস হাওলাদারের বাড়িতে এই অভিযান চালানো হয়। এসময় আব্বাস হাওলাদার ও তার ভাই বশির হাওলাদারকে আটক করে যৌথ বাহিনী। আব্বাস ও বশির চরকমিশনার গ্রামের মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে। এঘটনায় শুক্রবার বিকেলে পুলিশ বাদী হয়ে মুলাদী থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মুলাদী থানা পুলিশ চরকমিশনার এলাকায় আব্বাস হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। হিজলা সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন মো. আশফাক ও মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অভিযানে নেতৃত্ব দেন। যৌথ অভিযানে আব্বাস হাওলাদারের দুটি ঘর ও বাড়ির বিভিন্নস্থান থেকে ১৩টি ককটেল, ৮টি মোবাইল ফোন, ১০টি ট্যাটা, ২টি বগি দা, ১টি চাপাতি, ২টি রামদা, ২টি লোহার রড এবং ৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এসময় আব্বাস হাওলাদার ও তার ছোট ভাই বশির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার করতে আব্বাস হাওলাদার তার বাড়িতে বিস্ফোরক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা সংগ্রহ করে থাকতে পারে। এঘটনায় মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন বাদী হয়ে আব্বাস ও বশিরকে আসামি করে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, টাকা, মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এঘটনায় দুই ভাইকে আটক করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT