লালমোহন পৌরসভায় ৭টি পাম্পের মধ্যে ৫টিই অচল ॥ পানি না পেয়ে ক্ষোভ গ্রাহকদের লালমোহন পৌরসভায় ৭টি পাম্পের মধ্যে ৫টিই অচল ॥ পানি না পেয়ে ক্ষোভ গ্রাহকদের - ajkerparibartan.com
লালমোহন পৌরসভায় ৭টি পাম্পের মধ্যে ৫টিই অচল ॥ পানি না পেয়ে ক্ষোভ গ্রাহকদের

3:56 pm , September 11, 2025

মো. জসিম জনি, লালমোহন প্রতিবেদক ॥ লালমোহন পৌরসভার সরবরাহকৃত পানির পাম্প নষ্ট হওয়ায় পাচ্ছে না নাগরিকরা। পৌরসভার মোট ৭টি ভূ-গর্ভস্থ পানির পাম্প থাকলেও এরমধ্যে ৫টিই অচল। বাকী ২টির অবস্থাও নিভু নিভু। পানি না পেয়ে বাসা বাড়িতে গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি না পেলেও মাসিক বিল দিতে হচ্ছে গ্রাহকদের। এতে ক্ষোভ বিরাজ করছে গ্রাহকদের মাঝে।
লালমোহন পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা। অথচ একদিকে ড্রেনেজ সমস্যা, সড়ক বাতির সমস্যা, মশার উৎপাত, পরিচ্ছন্নতার অভাব।  গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তার অবস্থা আরো শোচনীয়। অতি বৃষ্টি বা বন্যা হলে বাজারের রাস্তায়ও পানিতে টইটম্বুর হয়ে যায়। পৌরসভার বয়স ৩০ বছর পেরিয়ে গেলেও এখনো আধুনিক সুবিধাবঞ্চিত নাগরিকরা।
পৌরসভার পানি শাখার বিল আদায়কারী নজরুল ইসলাম জানান, পৌরসভায় ৭টি ভূ-গর্ভস্থ পানির পাম্প আছে। এগুলোর ৫টিই বিকল। ২টি কোনো রকমে চলছে। প্রায় ২০-২৫ বছর হয়ে গেছে পাম্পগুলোর বয়স। এগুলোর একটাও পৌরসভার অর্থায়নে বসানো হয়নি বলে তিনি জানান। ৫টি জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে বসানো হয়েছে পৌরসভার নাগরিকদের পানির সুবিধার জন্য। আর দুটি দাতা সংস্থা বিএমডিএফের অর্থায়নে ২০০৭-২০০৮ অর্থবছরে বসানো হয়। ভূ-গর্ভস্থ পানির পাম্পগুলো দিয়ে পানি সরবরাহ করা যাচ্ছেনা।  একদিকে পুরনো, অন্যদিকে পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় পানি তো উঠছেই না, বরং বালি উঠছে। এতে পাম্পগুলো জ্যাম হয়ে নষ্ট হয়ে গেছে। ভোলা জেলায় পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় স্বাভাবিক টিউবওয়েলেও এখন পানি উঠাতে কষ্ট হচ্ছে। ভোলায় বহু টিউবওয়েল এখন নষ্ট হয়ে যাচ্ছে, অনেক টিউবওয়েলে পানি উঠছে না। গ্যাস উত্তোলন এবং জলবায়ু পরিবর্তন গঠিত ব্যাপার বলে মনে করছেন কেউ কেউ। নজরুল ইসলাম আরো জানান, পৌরসভায় পাম্প বসিয়ে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের ভবিষ্যত অন্ধকার। এখন বিশুদ্ধ পানি পেতে হলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে যেতে হবে। এটি সরাসরি নদী থেকে পাইপ দিয়ে পানি উঠিয়ে বিশেষ প্রক্রিয়ায় শোধন করে বাসা বাড়িতে সরবরাহ করা যায়।
পানি না পেয়ে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে উঠছেন। পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা লালমোহন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক রাইসুল আলম রিয়াদ জানান, পৌরসভার পানির লাইন থেকে বাসায় পানি যাচ্ছে না। দীর্ঘদিন ধরে পানি না পাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌরসভা থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বার বার বলেও কোন লাভ হচ্ছে না।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহ আজিজ জানান, পানির লেয়ার নিচে নেমে যাওয়ার কারণে পাম্পগুলো নষ্ট হয়েছে। মোটামুটি কয়েকটি সংষ্কার করে চালু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যায় আগামী ১০দিনের মধ্যে ৪টি সংস্কার করা সম্ভব হবে। নদী থেকে পানি শোধন করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এটা বড় প্রকল্প। সেটা এখানে সম্ভব নাও হতে পারে। তবে মন্ত্রণালয় থেকে প্রকৌশলী টিম এসে ভিজিট করবেন। তারা পানি সরবরাহের জন্য কোন পদক্ষেপ নেওয়া যায় তা সিদ্ধান্ত দেবেন। অন্যদিকে গুরুত্বপূর্ণ সড়কগুলো সামনের ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT