3:57 pm , August 21, 2025
কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় প্রায় ৪ ফুট লম্বা বিষধর একটি পদ্মগোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুয়াকাটা পৌরসভার হোসেন পাড়া থেকে সাপটি উদ্ধার করেন ‘অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী’র বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা।
জানা যায়, ওই গ্রামের বাসিন্দা আবু হাসান মিলন নামের এক যুবকের আঙ্গিনায় জালে আটকানো ছিল পদ্মগোখরা। সকালে সাপটি দেখে স্থানীয় অ্যানিম্যাল লাভারসদের খবর দেয়। পরে তারা স্থানীয় পরিবেশ ও পৌরসভার কর্মী, বনবিভাগ যৌথভাবে সাপটিকে উদ্ধার করে অবমুক্ত করে।
‘অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী টিমের রেসকিউ এন্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা বলেন, এই সাপটি গোখরা প্রজাতির একটি সাপ যা দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ায় দেখা যায়। খবর পেয়ে আমরা এই বিষধর সাপটি উদ্ধার করে অবমুক্ত করেছি।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা) এর সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, জালের ভেতরে আটকে ছিল সাপটি। সাপটি দেখতে স্থানীয়রা ভীড় জমিয়ে আছে। তবে কেউ এটাকে মারেনি। সচেতন থাকার জন্য স্থানীয়দের ধন্যবাদ জানাই।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, পদ্মগোখরা বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ। তবে এটি সাধারণত মানুষের উপস্থিতি এড়িয়ে চলে। সঠিক তথ্য না জানার কারণে অনেকেই অকারণে সাপ মেরে ফেলেন, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তাই আমরা উদ্ধারকর্মীদের সহায়তায় অবমুক্ত করেছি।
