3:55 pm , August 21, 2025
মো:জিয়াউদ্দিন বাবু ॥ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন ইতিমধ্যে তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। দুটো সাংঘর্ষিক ব্যাপার একত্রিত হয় কি করে প্রশ্ন তুলে তিনি বলেন, পিআর পদ্ধতি যদি হয় তাহলে তো প্রার্থী ঘোষণার প্রয়োজনই নাই। বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আলাল বলেন, যাঁরা নির্বাচন হতে দেয়া হবে না বলছেন এগুলো তাঁরা তাদের বয়স, আবেগ এবং অপরিপক্কতার কারণে বলছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তিনি বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং আমরা চাই নির্বাচন ফেব্রুয়ারিতে হোক।একটা একাউন্টেবল গভার্নমেন্ট জনগণের কাছে যাদের জবাবদিহিতা আছে এই একাউন্টেবেল গভার্নমেন্ট না থাকার কারণে দেশে বিনিয়োগ পর্যন্ত হচ্ছে না। একাউন্টেবল গভার্নমেন্ট আসলে পরেই অর্থনীতি সমৃদ্ধ হবে।
ব্যাংক খাতকে নতুন করে পুনর্বাসিত করার জন্য দায়বদ্ধ সরকারের প্রয়োজনীয়তা আছে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক খাতগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে, ব্যাংক খাতকে নতুন করে পুনর্বাসিত করার জন্য দায়বদ্ধ সরকারের প্রয়োজনীয়তা রয়েছে। এদিক থেকেও নির্বাচনটা ফেব্রুয়ারিতেই দরকার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয় তিনি বলেন, তার স্পর্শকাতর একটি মমলা যেটা অ্যাপিলেট ডিভিশনে শুনানি চলছে। এই মামলাটির রায় ঘোষণার পরেই যদি খালাস পেয়ে যান তাহলে তিনি সমস্ত মামলা থেকে মুক্তি পেয়ে যাবেন। তারপরই তিনি আসবেন এমনটাই আমাদের ধারনা। বিএনপি থেকে যারা চাঁদাবাজি করে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম কখনো গণমাধ্যম হতে পারে না। বিগত দিনের অনেক সাংবাদিককে সাবেক প্রধানমন্ত্রীকে খুশি করতে তার সংবাদ সম্মেলনে বলেছেন ‘প্রশ্ন করতে আসেনি, প্রশংসা করতে এসেছি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে অনেক সমস্যা রয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে এসব দূর করা হবে। নির্বাচন প্রসঙ্গে আলাল বলেন, বরিশাল-৫ আসনে (সদর) আমি মনোনয়ন চাইবো। দল যদি মনে করে আমাকে মনোনয়ন দেবে তখন আপনাদের নিয়ে কাজ করতে চাই। এখনো বাংলাদেশে বৈষম্য চলছে। উদাহরণস্বরূপ বলেন বিমান, বাস, রেল স্টেশনে গেলে কোন টিকিটের প্রয়োজন হয় না। কিন্তু লঞ্চে উঠতে হলে লঞ্চঘাটে টিকিট কেটে লঞ্চে উঠতে হয়। তিনি এই বৈষম্য দূর করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বরিশাল প্রেসক্লাব এর সভাপতি আমিনুল ইসলাম খসরু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক অরূপ তালুকদার, নাসিম উল আলম, এমএম আমজাদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাংবাদিক হুমায়ুন কবির,জাকির হোসেন ফেরদৌস সোহাগ প্রমুখ।
