জেলেদের দাদন নির্ভর না হয়ে সঞ্চয় প্রবণ হওয়ার আহ্বান জেলেদের দাদন নির্ভর না হয়ে সঞ্চয় প্রবণ হওয়ার আহ্বান - ajkerparibartan.com
জেলেদের দাদন নির্ভর না হয়ে সঞ্চয় প্রবণ হওয়ার আহ্বান

4:00 pm , August 18, 2025

বরিশালে মৎস্য সপ্তাহ পালিত

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল স্থানীয় সরকার পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন বলেছেন, মাছ আমাদের জাতীয় সম্পদ। এটি আমিষের অন্যতম একটি উৎস। জেলেরা মাছ ধরে বলেই আমরা তা খেতে পারি। পরিতাপের বিষয় যে, যারা এত কষ্ট করে মাছ শিকার করে তারা এর লভ্যাংশ খুব কমই ভোগ করতে পারেন। কেননা অধিকাংশ জেলে মাছ ধরার সরঞ্জাম কিনতে দাদনের উপর নির্ভরশীল। জেলেদের দাদন নির্ভর না হয়ে সঞ্চয় প্রবণ হতে হবে। এভাবেই তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব।  জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোমবার শিল্পকলা একাডেমিতে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি উপস্থিত জেলেদের উদ্দেশে বলেন, মাছ আপনাদের সম্পদ। এ সম্পদ আপনাদেরকেই রক্ষা করতে হবে। সরকার এই সম্পদ রক্ষার্থে বিভিন্ন আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করছে। এসময় তিনি মৎস্য সম্পদ রক্ষার্থে সরকারের পাশাপাশি সকল মৎস্যজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান।
মাছের উৎপাদন বৃদ্ধিকরণ প্রসঙ্গে তিনি বলেন, নতুন প্রযুক্তির মাধ্যমে মাছ উৎপাদন করতে হবে। সেক্ষেত্রে  তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এতে করে মাছের উৎপাদন বাড়বে যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার শরিফ উদ্দীন ও উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার। এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ স্বাগত বক্তব্য রাখেন।  আলোচনা সভার শুরুতে শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT