4:19 pm , August 17, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল রোববার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন উপজেলায় অনেক রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। বিশেষ করে, বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কের জরুরি মেরামত করা প্রয়োজন। বর্তমানে বাউফল ও বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটির বেহাল দশা, যা যান চলাচলের জন্য অনুপযোগী। এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।
সভায় জানানো হয়, বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের ভবন না থাকায় দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে। জনস্বার্থে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
সভায় নগরীর বর্তমান ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরে সিটি কর্পোরেশনের প্রতিনিধি বলেন, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব কমে গেছে। পাশাপাশি নগরীতে খাল খনন ও ময়লা পরিষ্কারের কাজ চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসনে ১০টি টিম কাজ করছে ফলে আগের তুলনায় এবার জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে হ্রাস পেয়েছে।
