বরিশাল শহরে বন্ধ হয়নি হলুদ অটো ও ব্যাটারি চালিত রিকশা বরিশাল শহরে বন্ধ হয়নি হলুদ অটো ও ব্যাটারি চালিত রিকশা - ajkerparibartan.com
বরিশাল শহরে বন্ধ হয়নি হলুদ অটো ও ব্যাটারি চালিত রিকশা

4:18 pm , August 17, 2025

মোঃ জিয়াউদ্দিন বাবু ॥ বরিশাল শহরে গত বুধবার থেকে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও হলুদ ইজিবাইক চলাচল বন্ধের  নির্দেশ দেওয়া হলেও কার্যকর হয়নি। নিষেধাজ্ঞার ব্যাপারে গত মঙ্গলবার শহরজুড়ে মাইকিং করা হয়েছিল। নির্দেশ অমান্য হলে অবৈধ  ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছিল পুলিশ। কিন্তু সেই নির্দেশ গতকাল রোববারও বাস্তবায়িত হয়নি। বরিশাল ট্রাফিক পুলিশের সামনেই এসব অবৈধ যানবাহন চলাচল করছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ- কমিশনার মো: সরফুদ্দীন এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী গত বুধবার থেকে বরিশাল শহরে অবৈধ হলুদ অটো ও ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা এরপর ৫ দিন অতিবাহিত হলেও বন্ধ হয়নি এসব অবৈধ যানবাহন। গত এক বছরে এসব অবৈধ যানবাহন বেড়ে যাওয়ায় নগরীতে ব্যাপকভাবে বেড়েছে যানজট। সেই সাথে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। পাশাপাশি প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে ।  ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সরফুদ্দিন বলেন-অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। খুব শিগগির বরিশাল নগর থেকে অবৈধ ইজিবাইক এবং ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে। বরিশাল সিটির বাইরে থেকে অসংখ্য অবৈধ হলুদ অটোরিকশা এবং তিনচাকার ব্যাটারিচালিত রিকশা প্রবেশ করছে। এ কারণে নগরবাসী ভোগান্তিতে পড়ছেন। বরিশাল সিটি করপোরেশনের থেকে ৭ হাজার ব্যাটারিচালিত হলুদ অটোরিকশা চলাচলের জন্য ব্লু বুক দেওয়া হয়েছে। তবে বর্তমানে বরিশাল শহরে চলাচল করে প্রায় ২০ হাজার। এর পাশাপাশি ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে আরো প্রায় ২০ হাজারের মতো। এসব রিকশার কোন অনুমোদন নেই। বরিশাল সিটি কর্পোরেশনের  প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন আমরা সাত হাজার হলুদ অটো রিকশার ব্লু বুক দিয়েছি। এগুলো বরিশাল শহরে চলাচল করতে কোন বাধা নেই। এর বাইরে চলাচল করা হলুদ ইজিবাইক এবং ব্যাটারিচালিত রিকশা বন্ধের জন্য মেট্রোপলিটন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। ট্রাফিক বিভাগ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় অবৈধ হলুদ অটোরিকশা এবং ব্যাটারিচালিত রিকশা বন্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT