4:17 pm , August 16, 2025
পরিবর্তন ডেস্ক ॥ সংবাদ সম্মেলন করে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছেন মহিউদ্দীন রনি। গতকাল শহীদ মিনারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন-বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে আমাদের আন্দোলন চলমান আছে এবং যা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার শেবাচিম হাসপাতালের সামনে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপর লাঠিচার্জ সহ বিভিন্নভাবে হামলা চালানো হয়। এই হামলার ঘটনার প্রতিবাদে আজ রোববার বেলা ১১ টায় আমরা সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ মিলে মিছিল বের করবো। এই কর্মসূচিতে সকল স্তরের মানুষদের অংশগ্রহণ করার আহ্বান জানানোর পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য প্রত্যেক জায়গা থেকে আন্দোলন গড়ে তুলুন।
তিনি আরো বলেন, স্বাস্থ্য খাতের এই ভয়াবহ সিন্ডিকেটকে আমাদের ভাঙতে হবে। এবং দালালমুক্ত,সিন্ডিকেটমুক্ত স্বাস্থ্য খাতের সুদিন ফিরে আসা না পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এ আন্দোলনের সাথে শিক্ষক, ছাত্র, শ্রমিক, অভিভাবক ও শ্রমজীবী মানুষ সহ সব শ্রেণি-পেশার মানুষই সম্পৃক্ত রয়েছে।
রনি বলেন, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপর হামলা করেছে করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছি। যে সিন্ডিকেট গুষ্টির বিরুদ্ধে আমরা নেমেছি,সেই দালাল চক্র আমাদের স্কুল শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।
তারা আমাদের উপর হামলা করার পরে রাতের বেলা পরিচালকসহ সকল স্টাফ ও দালালদের নিয়ে উল্লাস করে। খিচুড়ি পার্টির আয়োজন করেছে।
স্বাস্থ্যের ডিজি বরিশালে আসার পর উনি উসকানি দিয়েছেন। আমরা এই ন্যাক্কারজনক হামলার পূর্ণ বিচার চাচ্ছি রাষ্ট্রের কাছে।
