কাউখালীর কেউন্দিয়া সড়কে খানাখন্দ ॥ ভোগান্তি   কাউখালীর কেউন্দিয়া সড়কে খানাখন্দ ॥ ভোগান্তি   - ajkerparibartan.com
কাউখালীর কেউন্দিয়া সড়কে খানাখন্দ ॥ ভোগান্তি  

4:14 pm , August 16, 2025

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী উপজেলার আমরাজুরি থেকে কেউন্দিয়া বাজার হয়ে মজিদ মৃধা চেয়ারম্যান বাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার  সড়কের অধিকাংশ সড়ক বেহাল দশা। কোথাও কোথাও সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে, আবার রাস্তার মাঝে বড় বড় গর্ত। কোন কোন সড়কে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে পায়ে হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনার সংবাদ পাওয়া যাচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাছাড়া বর্তমানে বর্ষাকাল হওয়ায় এই সমস্যা আরো বেড়েছে। এই সড়কটি  চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে ভারী যানবাহন সহ সিএনজি, মোটরসাইকেল, অটোরিকশাযোগে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।
সরেজমিনে দেখা গেছে, এই সড়ক দিয়ে তিনটি মাধ্যমিক বিদ্যালয়, দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা চলাফেরা করে। অটোচালক সাইদুল, জামাল ও বেল্লাল বলেন-আমাদের পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কটি দিয়ে অটো চালাতে হয়। শিক্ষক নেতা শামসুল রহমান মিজান বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে সাইকেলে চলাচল করে। অনেক সময় তারা দুর্ঘটনার শিকার হয়।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমাদের জানা আছে। আমি উপজেলা প্রকৌশলীকে অবহিত করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা সড়কটি পরিদর্শন করেছেন এবং সংষ্কার করার জন্য উপজেলা প্রকৌশলীকে বলেছেন।
উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, বরাদ্দ পেলেই  সড়কটি সংস্থার করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT