4:21 pm , August 15, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৪ আসনের সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের উপর হামলাকারী হাসান জমাদ্দারকে আটক করেছে পুলিশ। আটককৃত হাসান জমাদ্দার উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও দুর্ধর্ষ ক্যাডার। গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফকরুল ইসলামের নির্দেশনায় এসআই রুবেলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শুক্রবার দুপুরে শ্রীপুর ইউনিয়নের আনন্দ বাজার থেকে তাকে আটক করতে সক্ষম হয়। জানা গেছে বিগত ২০১৮ সালে নির্বাচনকালীল সময় সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ মনোনয়ন পত্র জমা দিয়ে বের হবার সময় উপজেলা চত্বরে এই হাসান জমাদ্দারসহ একদল আওয়ামী সন্ত্রাসীরা তার কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে জখম করে। উক্ত ঘটনায় মেজবাহ উদ্দিন ফরহাদ বাদী হয় ২০২৪ সালের ৩ নভেম্বর মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় হাসান জমাদ্দার এজাহারভুক্ত আসামি। এছাড়াও পৌর সংরক্ষিত নারী কাউন্সিল রাশিদা বেগম বিউটি এর উপর হামলা মামলারও আসামি তিনি।
এই ঘটনার সত্যতা স্বীকার করে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফকরুল ইসলাম বলেন, হাসানকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ, হাসান জমাদ্দার বিগত ফ্যাসিষ্ট আমলে অস্ত্রসহ একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছিল। নৌপথে ডাকাতি তার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। গত কয়েকদিন আগে শ্রীপুর নদীতে একটি মালবাহী ট্রলারে ডাকাতির ঘটনায় সে সরাসরি জড়িত ছিলো বলে এলাকার একটি সূত্র জানায়।
