3:52 pm , August 15, 2025
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বরিশালের বাবুগঞ্জে ঝগড়া থামানোর অপরাধে শাশুড়ি ও চাচি শাশুড়িকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে পুত্রবধূর বিরুদ্ধে।
মঙ্গলবার বিকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের পশ্চিম রাকুদিয়া ৫ নং ওয়ার্ডের মৃত মালেক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
আতরা হলেন -কোহিনুর বেগম (৬০), সেলিনা বেগম (৫৮)। আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত কোহিনুর বেগমের ছোট ছেলে সজল মিয়া বাদী হয়ে বড় ভাবি নাসরিনকে আসামি করে গতকাল বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয় ও বাবুগঞ্জ থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মামলার বাদী সজল মিয়ার বড় ভাবি নাসরিন আক্তার এর সাথে একই বাড়ির চাচাতো ভাবি শারমিন আক্তারের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় দুজনের মধ্যে ঝগড়া হয়। এ সময় শাশুড়ি কহিনুর বেগম দুই পক্ষের ঝগড়া থামিয়ে দেন এবং তার পুত্রবধূ নাসরিনকে হাত ধরে ঘরে নিয়ে যায়। এই ঘটনায় পুত্রবধূ নাসরিন আক্তার শাশুড়ির উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর বিকাল সাড়ে ৪টায় শাশুড়ি কোহিনুর বেগম ভাত খেতে বসে। এ সময় পুত্রবধূ নাসরিন আক্তার শাশুড়িকে হত্যার উদ্দেশ্যে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথার উপরসহ বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় পাশের ঘরের কোহিনুরের দেবরের স্ত্রী সেলিনা বেগম কোহিনুরকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে। এ ঘটনার পর ওই গৃহবধূর তান্ডবে ঘরের ফ্রিজ সহ বিভিন্ন মালামাল ভাঙচুর এবং আলমিরা থাকা নগদ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহুরুল আলম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে শাশুড়িকে কুপিয়ে হত্যাচেষ্টা ও মালামাল লুটের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
