4:48 pm , August 14, 2025
বিশেষ প্রতিবেদক ॥ অবশেষে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দীর্ঘদিনের অচল ও বিকল ইলেক্ট্রো মেডিকেল ইকুইপমেন্টগুলো মেরামত কাজ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসা কারিগরি দল। গত ১৫ দিনেরও বেশী সময় ধরে বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার ও শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবীতে আন্দোলনের মধ্যে এ মরামত কজ শুরু হলো। এরআগে এসব হাসপাতাল এর যন্ত্রাংশগুলো মেরামত ও পুনর্বাসনের লক্ষ্যে কর্তৃপক্ষ বারবার তাগিদ দিয়েও কোন ফল হয়নি। তবে ছাত্রদের লাগাতার আন্দোলনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সহায়ক অকেজো মেশিনগুলোর মেরামত কাজ শুরু হয়েছে।
ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেইনিং সেন্টারের পাঁচ সদস্যের একটি দল ঢাকা থেকে বরিশালে পৌছে কাজ শুরু করেছেন বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানিয়েছেন।
হাসপাতাল এর পরিচালক সাংবাদিকদের বলেন, কারিগরি টিম সরেজমিনে অকেজো মেশিনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সম্ভব দ্রুততম সময়ে চালু করার চেষ্টা করছে । এ ছাড়া রোগীদের সেবার মান বাড়াতে একটি এমআরআই মেশিন, ক্যাথল্যাব ও সি-আরএম মেশিন বরাদ্দ হয়েছে।
চলতি সপ্তাহের মধ্যেই জরুরি ভিত্তিতে ইটিটি, ইকো, কার্ডিয়াক ডিফাইব্রিলেটর, কার্ডিয়াক মনিটর, ইসিজি মেরামতের ব্যপারে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা । এ ছাড়া পর্যায়ক্রমে ক্যাথ ল্যাব (এনজিওগ্রাম), সিটিস্ক্যান, এক্সরে, চোখের লেসিক, ফ্যাকো, অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি (ওসিটি), ইউরোলজি লিথোরিপটর, সি-আরম, ডায়াথার্মি ও এন্ডোসকপি মেশিনগুলো চালু করার চেষ্টা চলছে বলেও জানা গেছে।
