স্বাস্থ্য মন্ত্রনালয় শিক্ষার্থীদের প্রতিপক্ষ নয় -স্বাস্থ্য মহাপরিচালক স্বাস্থ্য মন্ত্রনালয় শিক্ষার্থীদের প্রতিপক্ষ নয় -স্বাস্থ্য মহাপরিচালক - ajkerparibartan.com
স্বাস্থ্য মন্ত্রনালয় শিক্ষার্থীদের প্রতিপক্ষ নয় -স্বাস্থ্য মহাপরিচালক

4:30 pm , August 13, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ছাত্র-জনতার আন্দোলনের সাথে একাত্মত্তা প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর বলেছেন, আমরা কি বিনাকারনে সরকারের সাথে বিরোধ সৃষ্টি করতে চাই, না এ ধরনের বিশৃংখলা সৃষ্টি করে অন্য ধরনের ফায়দা লুটতে চাই। আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, এ সুযোগ আমরা দিতে চাই না। আমরা তাদের প্রতি সহনীয় এবং সীমাবদ্ধভাবে সহনীয় থাকার চেষ্টা করছি। গতকাল দুপুর দেড়টায় শের ই বাংলা মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আইনশৃংখলা বাহিনী যদি মনে করে বিশৃংখলা সৃষ্টি করে জনভোগান্তি হচ্ছে সে ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন। আন্দোলনকারীদের চাওয়া-পাওয়া এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকান্ডের সাথে কোন বিরোধ নেই। মহাপরিচালক আন্দোলনকারীদের সাথে ঐক্যমত পোষন করেন। এরপর মহাপরিচালক কঠোর ভাষায় বলেন, এরপরও আপনারা দূরত্ব সৃষ্টি করতে চাইলে তাহলে আমাদের ভেবে দেখতে হবে আসলে আপনারা কি চান। এরপর আন্দোলনের প্রেক্ষিতে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিকি কাজ হয়েছে তার ফিরিস্তি তুলে ধরেন মহাপরিচালক। স্বাস্থ্য মহাপরিচালক বলেন, যে সকল দাবি উত্থাপন করা হয়েছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষন করা হয়েছে। একই সাথে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও কথা হয়েছে। আন্দোলনকারীদের দাবি ন্যায্য মনে হয়েছে। এই জন্য ন্যায্য মনে করেছি স্বাস্থ্য অধিদপ্তরের সংস্কার কমিশনের যে সুপারিশমালা সেই সুপারিশমালার মধ্যে আন্দোলনকারীদের দাবিগুলো রয়েছে। তাহলে তাদের সাথে আমাদের কোন দূরত্ব হওয়ার কথা নয়। স্বাস্থ্য মন্ত্রনালয় তো তাদের প্রতিপক্ষ নয়। হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে অনেক কাজ করেছে, আরো কাজ চলমান রয়েছে। জনবল সমস্যা প্রকট। তিনি বলেন, যে কোন পরিবর্তনের জন্য সুযোগ দরকার। সবচেয়ে বেশী দরকার সর্বস্তরের সহযোগিতা। বিশেষ করে যারা হাসপাতালে এসে এ সেবা ভোগ করবেন তাদের সচেতনতা এবং সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। হাসপাতালের সংস্কারের বিষয়ে বলেন, কিছু কিছু সংস্কার অল্প সময়ের মধ্যে সম্ভব। আবার কিছু কিছু সংস্কার রয়েছে দীর্ঘমেয়াদী। এ কারনে সকল সংস্কার একসঙ্গে করা সম্ভব নয়। আমরা আশা করবো এর বীজ বপন হয়েছে গাছপালা হয়েছে। কিন্তু এর লালন পালনের দায়িত্ব পরিবর্তী যে রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করবে তাদের উপর। এদিকে মতবিনিময় সভা চলাকালে হাসপাতালে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে নিরাপত্তাসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানানো হয় মহাপরিচালকের কাছে। মহাপরিচালকের সাথে উপস্থিত ছিলেন হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ছিলেন ডাঃ আবু হোসেন মোঃ মঈনুল আহসান ও অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ শেখ ছায়েদুল হকসহ স্বাস্থ্য কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। এর পূর্বে হাসপাতালের প্রধান গেটে অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের দাবি সাথে একমত পোষন করেন। এ সময় শিক্ষার্থীরা হাসপাতালের বিভিন্ন অনিয়ম মহাপরিচালকের কাছে তুলে ধরেন। একই সাথে স্বাস্থ্য উপদেষ্টাকে আসার অনুরোধ জানান। গেল ১৬ দিন ধরে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সকল হাসপাতাল এর অব্যবস্থাপনা দূর করারসহ তিন দফা দাবি বাস্তবায়নে আন্দোলন করছে ছাত্র-জনতা। প্রথমে আন্দোলন মেডিকেল ক্যাম্পাস এবং নগরী কেন্দ্রিক হলেও পরবর্তীতে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর নথুল্লাবাদ এলাকা অবরোধ করলে দুর্ভোগে পড়েন সাধারন যাত্রী-পথচারী থেকে শুরু করে যানবাহন সংশ্লিষ্ট এবং ওই এলাকার ব্যবসায়ীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT